লিলকে হারিয়ে পিএসজির রেকর্ড
আগেই ফরাসি লিগের শিরোপা নিশ্চিত করে ফেলা পিএসজি এবার সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড গড়েছে। শনিবার রাতে তারা ৩-১ গোলে হারিয়েছে তৃতীয় স্থানে থাকা লিলকে।
লিগ ওয়ানের আরেকটি ম্যাচ বাকি থাকতে পিএসজির পয়েন্ট এখন ৮৬। তারা ছাড়িয়ে গেছে অলিম্পিক লিওঁর ২০০৫-০৬ মৌসুমের ৮৪ পয়েন্টকে। এছাড়া লিগের এক মৌসুমে সর্বোচ্চ ২৬টি জয়ের রেকর্ডও ছুয়েছে রাজধানীর দলটি।
নিজেদের মাঠে ম্যাচের ৩৭তম মিনিটেই মারভিন মার্টিনের লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় লিল। এরপর ব্রাজিলের মারকুইনিয়োর গোলে এগিয়ে যায় পিএসজি।
বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন লুকাস মাউরা। ম্যাচের ৮২তম মিনিটে জয় নিশ্চিত করেন ব্লেইস মাতুইদি। ম্যাচের শেষ দিকে সান্ত্বনাসূচক গোলটি পায় লিল।
এই হারের পরও পিএসজি ও মোনাকোর পর তৃতীয় দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ রয়েছে লিলের। শেষ রাউন্ডের ম্যাচের আগে চতুর্থ স্থানে থাকা এতিয়েনের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে আছে তারা।
অন্য ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা মোনাকো ২-১ গোলে হারিয়েছে ভ্যালেনসিয়েনেকে।
