মাদ্রিদের ফাইনালে নাদাল নিশিকোরি
নিজের সেরা ফর্ম ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়ে মাদ্রিদ ওপেনের ফাইনালে উঠেছেন স্পেনের রাফায়েল নাদাল। টেনিসের এক নম্বর খেলোয়াড় শনিবার সেমি-ফাইনালে সরাসরি সেটে হারিয়েছেন স্বদেশী রবের্তো বতিস্তাকে।
মাদ্রিদের চতুর্থ শিরোপার জন্য ফাইনালে নাদাল লড়বেন কেই নিশিকোরির সঙ্গে। জাপানের এই খেলোয়াড় অপর সেমি-ফাইনালে পঞ্চম বাছাই স্পেনের দাভিদ ফেরারকে হারিয়েছেন ৭-৬, ৫-৭, ৬-৩ গেমে।
প্রিয় ক্লে কোর্টে সময়টা মোটেও ভালো যাচ্ছিল না নাদালের। পর পর দুই সপ্তাহে মন্টে কার্লো ও বার্সেলোনা ওপেনের শেষ আট থেকে ছিটকে পড়েছিলেন তিনি। মাদ্রিদে প্রতিটি রাউন্ডেই উন্নতি করেছেন তিনি। শেষ চারের লড়াইয়ে ৬-৪, ৬-৩ গেমে উড়িয়ে দিয়েছেন বতিস্তাকে।
ফাইনালে প্রতিপক্ষ নিশিকোরি অবশ্য দুর্দান্ত ফর্মে আছেন। ক্লে কোর্টে ১০টিসহ টানা ১৪টি ম্যাচ জিতেছেন তিনি। আর আগামী সপ্তাহে ঘোষণা হতে যাওয়া র্যাঙ্কিংয়ে নয় নম্বরে উঠে আসবেন তিনি। জাপানের কোনো খেলোয়ার এর আগে সেরা দলের মধ্যে আসতে পারেনি। অবশ্য নাদালের সঙ্গে আগের ছয়টি ম্যাচের সবকটিতেই হেরেছিলেন নিশিকোরি।
রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। আর তৃতীয় রাউন্ডেই হেরে গেছেন ব্রিটেনের অ্যান্ডি মারে। সুতরাং ক্লে কোর্টের একমাত্র গ্র্যান্ড স্ল্যাম ‘ফ্রেঞ্চ ওপেন’ শুরুর আগে মাদ্রিদে শিরোপা জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার দারুণ সুযোগ রয়েছে নাদালের সামনে।
২৫ মে শুরু হবে ফ্রেঞ্চ ওপেন, যাতে নবম শিরোপা জেতার লক্ষ্যে খেলবেন নাদাল।
রোববার মেয়েদের ফাইনালে রুশ তারকা মারিয়া শারাপোভা খেলবেন রোমানিয়ার সিমোনা হ্যালেপের বিপক্ষে।
