২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুততম বালক রচি, বালিকা দিশা

জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে নতুন জাতীয় রেকর্ড গড়ে দ্রুততম বালক হয়েছেন বিকেএসপির আশরাফুল ইসলাম রচি। রেকর্ড গড়তে না পারলেও দ্রুততম বালিকা হয়েছেন একই সংস্থার দিশা সুলতানা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 10:05 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জুনিয়র অ্যাথলেটিক্সের প্রথম দিনে ১০.৭০ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন রচি। আর দিশা সোনা জিততে সময় নেন ১৩.২০ সেকেন্ড।

বাগেরহাটের অ্যাথলেট রচির স্বপ্ন এখন সাউথ এশিয়ান (এসএ) গেমসে সোনা জয় করা। “আমি এখানেই থেমে থাকতে চাই না, ভবিষ্যতে আরও বড় অ্যাথলেট হওয়ার লক্ষ্য আমার। এসএ গেমসে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করতে চাই।”

প্রথমবার অংশ নিয়েই দ্রুততম বালিকা হয়ে খুবই খুশি দিশা। তিনি বলেন, “প্রথমবার অংশ নিয়েই সোনা জিততে পারায় আমার খুবই ভালো লাগছে। ভবিষ্যতে আমি আরও এগিয়ে যেতে চাই। এই সফলতা আমার এগিয়ে যাওয়ার প্রেরণা হয়ে কাজ করবে।”

প্রতিযোগিতার প্রথম দিনে প্রাধান্য দেখিয়েছে বিকেএসপি। তারা ৯ টি সোনা ও ৩টি রুপা জিতে পদক তালিকায় শীর্ষে রয়েছে। আর নোয়াখালী ২টি এবং খুলনা ও নারায়নগঞ্জ একটি করে সোনা জিতেছে।