২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল বিশ্বকাপে কাকা রোনালদিনিয়োর শূন্যতা

লুই ফেলিপে স্কলারির বিশ্বকাপ দলে হেনরিক নামে বিস্ময় একটা আছে। কিন্তু নেই কাকা-রোনালদিনিয়ো। এবারের বিশ্বকাপ দলে এই দুই তারকার যে অবশ্যই থাকার কথা ছিল, তা কিন্তু নয়। তবে নিজেদের মাটিতে বিশ্বকাপে কাকা-রোনাদিনিয়োর না থাকাটা অবশ্যই অন্যরকম এক শূন্যতায় ভোগাবে ফুটবল বিশ্বকে।

আব্দুল মোমিন আব্দুল মোমিন

বিডিনিউজ টোয়েন্টিফো্র ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 12:35 AM

Updated : 13 Oct 2022, 12:04 PM

২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের কোচ স্কলারি বলেই হয়ত কাকা-রোনালদিনিয়োর উপস্থিতির উচ্চাকাঙ্খা করেছিলেন ব্রাজিল সমর্থকদের একাংশ। তবে তা বাস্তবের মুখ দেখেনি। মাসখানেক বাদে শুরু হতে যাওয়া বিশ্বকাপে লুই ফেলিপে স্কলারির ২৩ সদস্যের ব্রাজিল দলে জায়গা পাননি এক সময়ের সেরা এই দুই তারকা।

সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে বিশ্বকাপের দলে কাকা ও রোনালদিনিয়োর ডাক পাওয়াটা খুব যে প্রত্যাশিত ছিল, তাও কিন্তু নয়।

বার্সেলোনায় খেলার সময় ২০০৪ ও ২০০৫ সালে টানা দুবার ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরুস্কার জিতেছিলেন রোনালদিনিয়ো। আর ২০০৭ সালে এসি মিলানের হয়ে একই সম্মান পেয়েছিলেন কাকা। কিন্তু এসবই আজ সোনালী অতীত। ক্লাব ফুটবলে তাদের এই সাফল্যে আজ ধুলো জমেছে, বছর খানেক হলো জাতীয় দলেও জায়গা হারিয়েছেন দুজনই।

বিশ্বকাপের মঞ্চে রোনালদিনিয়োর আবির্ভাব ২০০২ সালে। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে খেলতে নেমেই হয়ে উঠেছিলেন বিশ্বজয়ের অন্যতম নায়ক। বিশ্ব জয়ের ওই মঞ্চে ব্রাজিলের কোচ ছিলেন 'বিগ ফিল' নামে পরিচিত স্কলারি।

দক্ষিণ কোরিয়া-জাপানের যৌথ আয়োজনের সেই আসরে রোনালদিনিয়ো গোল করেছিলেন দুটি। যার একটি ছিল কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে। ৩৫ মিটার দূর থেকে নেয়া অসাধারণ এক ফ্রি-কিকে গোলরক্ষককে বোকা বানিয়ে যে গোলটি তিনি করেছিলেন, তা শুধু ব্রাজিলকে শেষ চারের পথই দেখায়নি, বিশ্বকে জানিয়েছিল নতুন এক তারকার আগমণী বার্তা। ঐ ম্যাচে রিভালদোর করা সমতাসূচক গোলটিতেও ছিল তার অবদান।

বিষ্ময়কর ওই গোলের খানিক বাদে লাল কার্ড পাওয়ায় সেমি-ফাইনালে খেলতে পারেননি রোনালদিনিয়ো। কিন্তু জার্মানির বিপক্ষে ফাইনালে ফিরে ঠিকই হয়েছিলেন দেশের পঞ্চম বিশ্বকাপ জয়ের সাক্ষ্মী।

ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ শিরোপা জয়ের সাক্ষ্মী ছিলেন কাকাও। তবে ঐ আসরে মাত্র ২৫ মিনিট খেলেছিলেন তিনি।

২০০৬ সালের বিশ্বকাপের আগে রোনালদিনিয়োকে ঘিরেই আরেকবার বিশ্ব জয়ের স্বপ্ন দেখেছিল সেলেকাওরা। আর রোনালদিনিয়োর সামনে ছিল টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতে পেলে ও ম্যারাডোনার মতো মহান ফুটবলারদের পাশে জায়গা করে নেয়ার হাতছানি। সমর্থকদের প্রত্যাশা আরো বাড়িয়ে দিয়েছিল আগের দুই বছরে বার্সার জার্সিতে রোনালদিনিয়োর বর্ষসেরা হওয়ার কৃতিত্ব।

২০০৬ সালের বিশ্বকাপে বিশ্ব ফুটবলের মহানায়ক হতেই গিয়েছিলেন ব্রাজিলের নায়ক রোনালদিনিয়ো। আর ব্রাজিল দলে তখন পার্শ্ব নায়কের চরিত্রে ছিলেন কাকা। তারকাখ্যাতি তারও কোনো অংশে কম ছিল না। মিলানের জার্সিতে ধীরে ধীরে নিজেকে অনেকটাই ফুটিয়ে তুলেছিলেন তিনি।

কিন্তু জার্মানিতে এসে হঠাৎই হারিয়ে গিয়েছিলেন ব্রাজিলের ফুটবলের এই দুই নক্ষত্র। আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে বাজে পারফরম্যান্সটাই করেছিলেন রোনালদিনিয়ো। অন্যদিকে, গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে শুরুটা দারুণ করেছিলেন কাকা। কিন্তু পরে আর তা ধরে রাখতে পারেননি তিনিও।

একরাশ হতাশা নিয়ে কোয়ার্টার-ফাইনাল থেকেই ছিটকে পড়ে সেলেকাওরা।

এরপর থেকেই হারিয়ে যেতে থাকেন তারকা রোনালদিনিয়ো। চোটের কারণে ২০০৭-০৮ মৌসুমে বেশিরভাগ সময়ই মাঠের বাইরে কাটাতে হয় তাকে। পরে চোট কাটিয়ে মাঠে ফিরলেও ফর্মহীনতার কারণে সেরা একাদশে জায়গা হারিয়ে ফেলেন তিনি। শেষে বার্সার হয়ে সাফল্যমন্ডিত ক্যারিয়ারের ইতি টেনে নতুন চ্যালেঞ্জের আশায় পাড়ি জমান ইতালির ক্লাব এসি মিলানে। কিন্তু আর কখনোই পুরনো রূপে ফিরতে পারেননি তিনি।

ব্যর্থতার ধারাবাহিকতায় ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে দলেই জায়গা পেলেন না রোনালদিনিয়ো। তবে ঐ আসরে দলে ছিলেন কাকা। ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নে আলোচনার কেন্দ্রবিন্দুতেও ছিলেন তিনি। কিন্তু আগেরবারের মতো এবারো বিশ্ব মঞ্চ হতাশ করল তাকে। সতীর্থদের করা তিনটি গোলে অবদান রাখলেও পুরো আসরে গোল করতে পারলেন না একটিও।

কাকার বিশ্বসেরা হওয়ার স্বপ্নের মতো অপমৃত্যু হলো ব্রাজিলের আরেকবার বিশ্বজয়ের স্বপ্নেরও। টানা দ্বিতীয়বার শেষ আট থেকে বিদায় নেয় তারা।

ক্লাব ফুটবলেও কাকার পতনের শুরু সেই থেকেই। ২০০৯ সালে ট্রান্সফার ফির রেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিলেও আর সেরা হয়ে ওঠা হয়নি তার। উল্টো দীর্ঘমেয়াদী চোটের কারণে দলে হয়ে পড়েন অনিয়মিত। চার বছরের প্রচেষ্টার পরও রিয়ালের জার্সিতে সাফল্য খুঁজে না পাওয়ায় আবারো মিলানে ফিরে আসেন তিনি।

পুরনো দলে নাম লিখিয়ে কোচের আস্থা কিছুটা ফিরে পেলেও হারানো সুসময় আজও খুঁজে ফিরছেন কাকা। আর রোনালদিনিয়ো তো ছিটকেই পড়েছেন ইউরোপের প্রতিযোগিতামুলক ফুটবল থেকে। পাড়ি জমিয়েছেন ব্রাজিলের ক্লাব আতলেতিকো মিনেইরোয়। দলটির হয়ে গত বছর ব্রাজিলের ক্লাব ফুটবলে বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি।

স্কলারির আস্থা অর্জন করতে পারলেন না ৩৪ বছর বয়সী রোনালদিনিয়ো। এই কাজটা করতে পারলেন না কাকাও। তবে ফুটবল বিশ্ব ঠিকই ‘মিস’ করবে তাদের।