২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গিগস ভিদিচের ম্যাচে উজ্জ্বল উইলসন

অন্তবর্র্তীকালীন কোচ রায়ান গিগসের অধীনে আরেকটি জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমের শেষ ম্যাচে নবাগত হাল সিটিকে ৩-১ গোলে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 03:54 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

ওল্ড ট্র্যাফোর্ডে সার্বিয়ার ডিফেন্ডার নেমানিয়া ভিদিচের শেষ ম্যাচে জয়ের নায়ক জেমস অ্যান্থোনি উইলসন। অভিষেক ম্যাচে জোড়া গোল করেছেন ১৮ বছর বয়সী ইংল্যান্ডের স্ট্রাইকার।

আগামী মৌসুমে ইতালির দল ইন্টার মিলানে যোগ দিচ্ছেন ভিদিচ। ২০০৬ সালে ইউনাইটেডে যো্গ দিয়েছিলেন তিনি।

মঙ্গলবার ৩১ মিনিটে বেলজিয়ামের মিডফিল্ডার ফেলাইনির হেড থেকে বল পেয়ে বাঁ-পায়ের ভলিতে দলকে এগিয়ে দেন উইলসন। ঐ গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় ইউনাইটেড।

দ্বিতীয়ার্ধের ১৬তম মিনিটে ব্যবধান বাড়ানোর কৃতিত্বও উইলসনের। ফেলাইনির শট হাল সিটির গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। বল পেয়ে জালে জড়াতে তার কোনো সমস্যায় হয়নি উইলসনের।

দুই মিনিট বাদে ব্যবধান কমিয়ে ম্যাচে নাটকীয়তার আভাস দিয়েছিলেন হাল সিটির স্ট্রাইকার ম্যাট ফ্রাইয়াট। তবে নির্ধারিত সময় শেষের ৪ মিনিট আগে ব্যবধান ৩-১ করে জয়টা নিশ্চিত করে ফেলেন নেদারল্যান্ডসের স্ট্রাইকার রবিন ফন পার্সি।

মঙ্গলবার ঘরের মাঠে স্বস্তির এই জয়ের দিনে শুধু ডাগআউটেই ছিলেন না গিগস, ৭০তম মিনিটে জার্সি গায়ে মাঠেও নেমে পড়েন তিনি। প্রিয় মাঠে গিগসের শেষ ম্যাচে তার পাস থেকেই লক্ষ্যভেদ করেন পার্সি।

লিগে আর একটি ম্যাচ বাকি থাকতে ৬৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে গতবারের চ্যাম্পিয়ন ইউনাইটেড। সমান ম্যাচ খেলে ৮১ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে লিভারপুল। ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। তবে একটি ম্যাচ কম খেলেছে সিটি।