এশিয়াডের প্রথমিক দলে ৩০ ফুটবলার
ইনচন এশিয়ান গেমসের বাংলাদেশ দলে ডাক পেয়েছেন ৩০ ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ইতোমধ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) প্রাথমিক এই দলের তালিকা জমা দিয়েছে।
এশিয়াডে খেলে অনূর্ধ্ব-২৩ দল। তবে তার চেয়েও বেশি বয়সী কয়েকজন খেলতে পারেন। সেই তালিকায় আছে ছয় ফুটবলার মামুনুল ইসলাম, জাহিদ হোসেন, ডেনমার্ক প্রবাসী জামাল ভূইয়া, জাহিদ হাসান এমিলি, আতিকুর রহমান মিশু ও মাজহারুল ইসলাম হিমেল।
চোট কাটিয়ে দলে ফিরেছেন গত ৫ মার্চ গোয়ায় ভারতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে খেলতে না পারা জাহিদ হোসেন।
দলে থাকা অনূর্ধ্ব-২৩ ফুটবলাররা হলেন, গোলরক্ষক শহিদুল আলম সোহেল, মিডফিল্ডার সোহেল রানা, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, ডিফেন্ডার ইয়ামিন মুন্না, ইয়াসিন খান, তপু বর্মণ, কেষ্ট কুমার, রায়হান হাসান ও স্ট্রাইকার তকলিস আহমেদ।
বিজেএমসির আমিনুর রহমান সজিব ও ব্রাদার্সের রুবেল মিয়াকে রাখা হয়েছে এই দলে। প্রাথমিক দলে এসেছেন মিডফিল্ডার ওমর ফারুক বাবু, আবদুল মালেক ও ইমন বাবু। তাদের সঙ্গী আবাহনীর শাহেদুল আলম শাহেদ ও মোহামেডানের ওয়াহেদ আহমেদও।
প্রথম বারের মতো ডাক পেয়েছেন ব্রাদার্সের গোলরক্ষক সুজন চৌধুরী, মিডফিল্ডার মেজবাহউদ্দিন, মুক্তিযোদ্ধার রাসেল মাহমুদ লিটন ও উত্তর বারিধারা ক্লাবের ওসমান গনি।
আছেন ব্রাদার্সে খেলা অনূর্ধ্ব-১৯ দলের দুই ফুটবলার ডিফেন্ডার আতিকুর রহমান ফাহাদ ও টুটুল হোসেন বাদশা।
এছাড়া দলে ফিরেছেন মোহামেডানের নাহিদুল ইসলাম ও ব্রাদার্সের জুয়েল রানা।
