২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিগ শিরোপাও দূরে সরে যাচ্ছে চেলসির

চ্যাম্পিয়ন্স লিগের পর ঘরোয়া লিগের শিরোপা লড়াই থেকেও এক রকম ছিটকেই পড়ল চেলসি। রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে নরিচ সিটির সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 11:50 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

গত বুধবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে সেমি-ফাইনালের ফিরতি লেগে নিজেদের মাঠে হেরেই ইউরোপ সেরার লড়াই থেকে ছিটকে পড়েছিল চেলসি। প্রথম লেগে গোলশূন্য ড্রয়ের পর ওই ম্যাচে ৩-১ গোলে হারে 'ব্লুজ' নামে পরিচিত চেলসি।

পয়েন্ট হারালেও ৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ঠিকই ধরে রেখেছে কোচ জোসে মরিনিয়োর দলটি। সমান ৮০ পয়েন্ট নিয়ে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল (গোল ব্যবধানে এগিয়ে ম্যান সিটি)। তবে সিটি আর লিভারপুলের ২টি ম্যাচ বাকি আর চেলসির বাকি ১টি।

পুরো ম্যাচে বলার মতো দুটি সুযোগ পেয়েছিল স্বাগতিক দল। কিন্তু প্রথমার্ধে পাওয়া তাদের দুটি সুযোগই ব্যর্থ হয়ে যায়। প্রথমে খুব কাছ থেকে হেডে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন ডিফেন্ডার জন টেরি আর স্ট্রাইকার আন্দ্রে শুরলের শটটি গোল পোস্টে বাধা পায়।

তবে চেলসির মাঠ থেকে মূল্যবান ১ পয়েন্ট পেয়ে লিগে টিকে থাকার ক্ষীণ স্বপ্ন বাঁচিয়ে রেখেছে নরিচ সিটি। ৩৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে আছে তারা।

এক ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট নিয়ে তাদের উপরে আছে সান্ডারল্যান্ড।