জয় নিয়ে আশাবাদী আবাহনী ও মোহামেডান
মৌসুমের আরেকটি ফুটবল লড়াইয়ে মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও ঢাকা আবাহনী লিমিটেড। রোববার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফিরতি লেগে জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী দুই দলই।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে ৫ টায় এ মৌসুমের তৃতীয় দ্বৈরথে নামছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী এই দুটি দল।
আবাহনী অধিনায়ক মোহাম্মদ সুজন বলেন, “মোহামেডান-আবাহনী ম্যাচ মানেই অন্য রকম উত্তেজনা। একটা স্নায়ু চাপও কাজ করে। এই চাপ সামলে নিজেদের সেরাটা খেলতে পারলে জয় আমাদেরই হবে।”
মোহামেডান অধিনায়ক জাহিদ হাসান এমিলির বিশ্বাস এই ম্যাচে জয় পাবে তার দলই।
“আবাহনীকে হারানোর মতো সামর্থ্য আমার দলের আছে। আমি আশাবাদী এই ম্যাচে আমরাই জিতবো।”
লিগে দুদলের এটি দ্বিতীয় দেখা। লিগের প্রথম পর্বে আবাহনী ১-০ গোলে জয় পেয়েছিল। কিন্তু মৌসুমের আরেক ম্যাচ স্বাধীনতা কাপের সেমি-ফাইনালে মোহামেডানের কাছে হেরেই ফাইনালে উঠতে ব্যর্থ হয় নীল-আকাশি শিবির।
অবশ্য পেশাদার লিগের পরিসংখ্যান আবাহনীরই পক্ষে। এখন পর্যন্ত ১৩ বারের মুখোমুখিতে আবাহনী জিতেছে ৫ বার, মোহামেডান ২ বার। বাকি ৬টি ম্যাচ হয়েছে ড্র।
তা ছাড়া এই লিগেও পয়েন্ট তালিকায় আবাহনী মোহামেডানের চেয়ে ওপরে। তাদের অবস্থান দ্বিতীয়। আর মোহামেডান আছে তৃতীয় স্থানে। দুদলের মধ্যে ব্যবধান ৫ পয়েন্টের।
পরিসংখ্যানের দিক থেকে পিছিয়ে থাকলেও মোহামেডানের পর্তুগিজ কোচ রুই হোসে ক্যাপেলা বাতিস্তার প্রেরণা স্বাধীনতা কাপের জয়।
“এই আবাহনীকে হারিয়েই আমরা স্বাধীনতা কাপের ফাইনালে উঠেছি, শেষ পর্যন্ত শিরোপাও জিতেছি। সে আত্মবিশ্বাস থেকে বলতে পারি, এবারও আমরাই জিতবো।”
আবাহনীর ইরানি কোচ আলী আকবর পৌরমুসলিমি প্রতিপক্ষ কে তা নিয়ে ভাবছেন না। তার ভাবনায় শুধুই জয়।
“শিরোপা দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে আমাদের জিততেই হবে। প্রতিপক্ষ কে তা নিয়ে ভাবার অবকাশ নেই আমাদের।”
