মরিনিয়োর সহকারির ৬ ম্যাচের নিষেধাজ্ঞা
চেলসির সহকারি কোচ রুই ফারিয়াকে ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসেসিয়েশন। সঙ্গে ৩০ হাজার পাউন্ড জরিমানাও গুণতে হচ্ছে তাকে।
বৃহস্পতিবার ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এক বিবৃতিতে জানিয়েছে, বিধি বহির্ভূত আচরণের জন্যই ফারিয়াকে মাঠে ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
১৯ এপ্রিল ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে চেলসির ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে ফারিয়াকে ডাগআউট থেকে বহিষ্কার করেছিলেন রেফারি।
ম্যাচটিতে একটি বিতর্কিত পেনাল্টি থেকে গোল পায় সান্ডারল্যান্ড। সেই গোলেই স্ট্যামফোর্ড ব্রিজে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। রেফারির পেনাল্টি দেয়ার বিরোধিতা করে ডাগআউটে ক্ষোভ দেখিয়েছিলেন জোসে মরিনিয়োর সহকারি ফারিয়া। চতুর্থ রেফারিকে বাজে কথাও বলেছিলেন তিনি।
সান্ডারল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচের পর বিধি বহির্ভূত আচরণের জন্য চেলসি কোচ মরিনিয়োর বিরুদ্ধেও অভিযোগ এনেছিল এফএ। কিন্তু মরিনিয়ো এফএর কাছে একান্ত শুনানির আবেদন করেছেন।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে রেফারি মাইক ডিন ও রেফারিদের প্রধান মাই রিলের সমালোচনা করেছিলেন মরিনিয়ো। ব্যঙ্গ করে তাদের অভিনন্দন জানিয়ে দুজনের 'সততা' নিয়েই প্রশ্ন তুলেছিলেন পর্তুগালের এই কোচ।
