২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালকে ভয় পাচ্ছে না আতলেতিকো

দেখতে দেখতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পা রাখল আতলেতিকো মাদ্রিদ। ২৪ মে লিসবনের ফাইনালে তারা মুখোমুখি নগর প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের। ইউরোপের সবচেয়ে অভিজাত প্রতিযোগিতার সফলতম দলের মুখোমুখি হয়ে মোটেই ভীত নন আতলেতিকো কোচ দিয়েগো সিমেওনে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2014, 02:52 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

নিজেদের মাঠে গোলশূন্য ড্র নিয়ে চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে গিয়েছিল আতলেতিকো। বুধবার ফিরতি লেগে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে বিধ্বস্ত করে ৩-১ গোলের জয় নিয়ে ফাইনালে উঠেছে স্পেনের এই দলটি। ফুটবল বিশ্বকে উপহার দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম 'ডার্বি'।

ম্যাচ শেষে ফাইনাল নিয়েই বেশি কথা বলতে হয়েছে কোচ সিমেওনেকে। বিশেষ করে 'মাদ্রিদ ডার্বি' নিয়ে। প্রসঙ্গক্রমে রিয়াল মাদ্রিদকে আতলেতিকোর ভয় পাওয়ার ব্যাপারটি উঠেছিল। কিন্তু আর্জেন্টিনার এই কোচ বিষয়টি উড়িয়ে দিলেন।

"আমি এটাকে কোনো সুবিধা বা অসুবিধা হিসেবে দেখি না।"

এবারের চ্যাম্পিয়ন্স লিগে একমাত্র অপরাজিত দল আতলেতিকো। ফাইনালে ওঠার পথে বার্সেলোনা, চেলসির মতো বড় সব প্রতিপক্ষকেই টপকে এসেছে তারা। চূড়ান্ত মঞ্চে এসে ভয় না পাওয়ারই কথা ৪০ বছর পর আবার ইউরোপ সেরার প্রতিযোগিতার ফাইনালে ওঠা আতলেতিকোর।

তবে সিমেওনে এটা মানছেন যে, ৯ বার ইউরোপের অভিজাত প্রতিযোগিতার শিরোপা জেতা রিয়াল অভিজ্ঞতার দিক থেকে আতলেতিকোর চেয়ে অনেক এগিয়ে।

"বাস্তবতা হচ্ছে, আমরা উভয় দলই একে অপরকে খুব ভালো করে চিনি ও জানি। এটা সত্য যে, আমরা শক্তিশালী একটি ক্লাবের বিপক্ষে খেলব। তারা বড় উপলক্ষ্যে অভ্যস্ত।"

ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দশম মুকুটের অপেক্ষা রিয়াল মাদ্রিদের। আর আতলেতিকো সন্ধান করছে তাদের প্রথম শিরোপা। দুই দলের পার্থক্যটা একেবারেই স্পষ্ট। বড় আর ছোটোর এই লড়াইয়ে লিসবনের স্তাদিও দা লুজে কে জিতবে, সেটা ২৪ মে-ই জানা যাবে। তবে আপাতত ফাইনালে উঠতে পেরেই রোমাঞ্চিত আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড় আর কোচ।

স্ট্যামফোর্ড ব্রিজের সংবাদ সম্মেলনে সেটাই বললেন সিমেওনে, "অনেক দিন পর আমরা এই অবস্থায় (ফাইনাল) এসে দাঁড়িয়েছি। তাই আমরা খুব খুশি এবং রোমাঞ্চিত।"

আতলেতিকো যে, চ্যাম্পিয়ন্স লিগের এই পর্বে নিয়মিত নয়, চেলসির বিপক্ষে তাদের মাঠের পারফরম্যান্সে সেটা একদমই বোঝা যায়নি। প্রথমে গোল খেয়েও আতলেতিকোর খেলোয়াড়রা যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে বেশ খুশি সিমেওনে।
"এমন একটি দলের বিপক্ষে আমরা যে প্রতিক্রিয়া দেখিয়েছি, তা ছিল দারুণ। দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সে আমি খুব খুশি। শক্ত এক প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচটি আমরাই নিয়ন্ত্রন করেছি।"