বায়ার্নে হতাশা আর হতাশা
রিয়াল মাদ্রিদের কাছে বিধ্বস্ত হয়ে সেমি-ফাইনালে শেষ হয়েছে বায়ার্ন মিউনিখের চ্যাম্পিয়ন্স লিগ অভিযান। ৪-০ গোলে উড়ে যাওয়াটা একদমই মানতে পারছে না বায়ার্ন মিউনিখের খেলোয়াড়, কোচ আর কর্মকর্তারা। হতাশা জড়িয়ে ধরেছে তাদের।
আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার ফিরতি লেগ শেষে দু্ই লেগ মিলিয়ে ৫-০ গোলের অগ্রগামিতা নিয়ে ফাইনালে ওঠা উদযাপন করছিল রিয়াল মাদ্রিদ। আর তখন মাথা নিচু করে হতাশা লুকাবার চেষ্টা করেছে বায়ার্নের খেলোয়াড়রা। মাঠ ছেড়েছেন চোখেমুখে রাজ্যের অন্ধকার নিয়ে।
ম্যাচ শেষে এভাবে হেরে যাওয়ার কোনো অজুহাতই দাঁড় করাননি কোচ পেপ গার্দিওলা। এই হারকে ক্যারিয়ারের অন্যতম 'বাজে' উল্লেখ করে তিনি শুধু বললেন, "ফুটবলে এমনটা হতেই পারে। আমাদের আজকের (মঙ্গলবার) পারফরম্যান্স ছিল এক কথায় ভয়ঙ্কর।"
বায়ার্ন অধিনায়ক ফিলিপ লাম কিছুতেই পরাজয়টি মেনে নিতে পারছেন না। ম্যাচ শেষে কারো সঙ্গে কোনো কথা না বলে মাঠ ছেড়েছেন তিনি। অধিনায়ক বলেই সাংবাদিকরা তার কাছে বায়ার্নের এমন পারফরম্যান্সের কারণ জানতে চেয়েছে। লাম শুধু হতাশার কথাই জানিয়েছেন।
"এক কথায় এটা খুব হতাশার। এই ম্যাচ থেকে আমাদের চাওয়া ছিল অনেক বেশি। কিন্তু মাদ্রিদের মতো একটি দলের বিপক্ষে শুরুতেই ২ গোলে পেছনে পড়ে যাওয়ার পর বিষয়টি কঠিন হয়ে গেছে।"
বায়ার্নের ডাচ ফরোয়ার্ড আরিয়েন রবেনও অধিনায়কের কণ্ঠে কন্ঠ মিলিয়েছেন, "এটা শুধু পরাজয়ের ব্যবধানের বিষয় নয়। আমরা প্রচণ্ড হতাশ। সবচেয়ে হতাশার হচ্ছে, আমরা লিসবনে (ফাইনালের ভেন্যু) যাচ্ছি না।"
এরই মধ্যে বায়ার্নের এই হারের বিশ্লেষণ শুরু হয়ে গেছে স্থানীয় সংবাদমাধ্যমে। এই হারের পর গার্দিওলার ভবিষ্যত কি হবে, এমন প্রশ্নও উঠেছে।
ক্লাবের প্রধান নির্বাহী কার্ল-হাইঞ্জ রুমেনিগে এসব নিয়ে এখনই কথা বলতে চান না। এই পরাজয়কে একটি 'দুর্যোগ' বলে অ্যাখা দিয়ে তিনি বলেন, "আমরা যেন গালে একটা চড় খেয়েছি। তবে মৌলিক বিষয় নিয়ে কথা বলার সময় এটা নয়।"
