অবিশ্বাস্য এক জাদুকরী রাত নিয়ে খুশি রিয়াল
বায়ার্ন মিউনিখকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার রাতটি রিয়াল মাদ্রিদের একেক জনের কাছে একেক রকম। কোচ কার্লো আনচেলত্তির কাছে এটি 'অবিশ্বাস্য' এক রাত। আর ডিফেন্ডার স্যার্হিও বলছেন 'জাদুকরী'। তবে এই রাত নিয়ে উচ্ছ্বাসে ভাসছে পুরো রিয়াল মাদ্রিদ।
চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাবেউতে বায়ার্নকে ১-০ গোলে হারিয়েছিল রিয়াল। মঙ্গলবার ফিরতি লেগে আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নকে বিধ্বস্ত করে ৪-০ ব্যবধানে জিতেছে তারা।
এমন একটি ম্যাচের পর নিজের উচ্ছ্বাস আর চেপে রাখতে পারেননি রিয়াল মাদ্রিদ কোচ। আনচেলত্তির সেই উচ্ছ্বাসের বহিপ্রকাশ হয় ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে।
"অবিশ্বাস্য, আমি সত্যিই খুব আনন্দিত।"
রিয়াল মাদ্রিদে ১০ বছরের ক্যারিয়ারে স্যার্হিও রামোস এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার সুযোগ পাচ্ছেন। বিষয়টিকে 'একটা স্বপ্ন পূরণ' উল্লেখ করে জোড়া গোল করা রামোস তার আনন্দের কথা জানিয়েছেন।
"রিয়াল মাদ্রিদের জন্য জাদুকরী এক রাত ছিল এটা।"
উচ্ছ্বাস প্রকাশের পর আনচেলত্তি এই ম্যাচে সাফল্য পাওয়ার পেছনের কথা বললেন। সেখানে তিনি কৃতিত্ব দিলেন পুরো দলকে, "এই ম্যাচে আমাদের সাফল্যের মূলে ছিল দলগতভাবে ভালো খেলা।"
প্রথমার্ধেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে বলে মনে করেন রিয়াল মাদ্রিদের কোচ, "প্রথমার্ধটা ছিল অসাধারণ। রক্ষণ বা আক্রমণে, বল দখলে অথবা বল পায়ে না থাকা অবস্থায়; সবক্ষেত্রেই প্রথমার্ধে আমরা দারুণ খেলেছি।"
এই ম্যাচেই ইউরোপের সবচেয়ে অভিজাত প্রতিযোগিতায় এক মৌসুমে সর্বোচ্চ ১৫ গোলের রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো (১৬ গোল)। জোড়া গোল করা রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড অবশ্য নিজের রেকর্ডের চেয়ে দলের ফাইনাল খেলা নিয়েই বেশি উচ্ছ্বসিত।
"রেকর্ড গড়তে পেরে আমি খুশি। তবে আমি এই রেকর্ডে আচ্ছন্ন ছিলাম না। দল ফাইনালে উঠেছে বলে বেশি ভালো লাগছে।"
তবে সতীর্থদের সতর্ক করে দিয়ে রোনালদো বলেন, মাত্র তারা ফাইনালে উঠেছেন, এখনো কিছু জেতা হয়ে যায়নি; এখন ফাইনাল নিয়ে ভাবতে হবে।
