অলিম্পিকের প্রস্তুতিতে চিন্তিত আইওসি
অলিম্পিকের পরবর্তী আসরের আয়োজক রিও ডি জেনেইরোর প্রস্তুতিতে ভীষণ হতাশ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংস্থাটির সহ-সভাপতি জন কোটসের মতে, তার দেখা সব অলিম্পিকের মধ্যে এবারের প্রস্তুতিটাই সবচেয়ে বাজে।
অলিম্পিকের সঙ্গে ৪০ বছর ধরে যুক্ত অস্ট্রেলিয়ার নাগরিক কোটস। রিও ডি জেনেইরোর ২০১৬ সালের অলিম্পিকের আয়োজক হওয়ার পর থেকে এ পর্যন্ত ছয়বার শহরটিতে গেছেন তিনি। সব কিছু দেখার পর নিজের হতাশা প্রকাশ করে কোটস বলেন, “আমার মতে (২০০৪ সালে) এথেন্সের চেয়েও এখানে খারাপ অবস্থা। আমার দেখা এটাই সবচেয়ে খারাপ প্রস্তুতি।”
রিওর এমন প্রস্তুতিতে স্বাভাবিকভাবেই চিন্তিত কোটস। তবে আয়োজক পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়ে দিয়েছেন তিনি। বরং সমস্যা সমাধানে রিওর আয়োজক কমিটির সঙ্গে মিলেমিশে কাজ করার কথা জানিয়েছেন কোটস।
আইওসির সহ-সভাপতির এই মন্তব্য ব্রাজিলের জন্য চরম একটা ধাক্কাই বটে। কারণ আর দেড় মাস পর ব্রাজিলে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। কিন্তু অলিম্পিকের মতো বিশ্বের সবচেয়ে বড় এই টুর্নামেন্টের প্রস্তুতিও এখনো শেষ করতে পারেনি দেশটি।
