২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে আন্দোলন নিয়ে শঙ্কিত স্কলারি

ব্রাজিল জুড়ে বিশ্বকাপ আয়োজনের বিরুদ্ধে একটা আন্দোলন চলছে অনেক আগে থেকেই। এই আন্দোলন ব্রাজিলের শিরোপা জয়ের সুযোগকে ক্ষতিগ্রস্থ করতে পারে বলে মনে করেন কোচ লুই ফেলিপে স্কলারি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 11:06 PM

Updated : 13 Oct 2022, 12:02 PM

গত বছর কনফেডারেশন্স কাপের সময় ব্রাজিলের হাজার হাজার নাগরিক বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসে। বিশ্বকাপের বদলে বিভিন্ন প্রয়োজনীয় অবকাঠামোর ও সেবার কাজে ব্যয় বাড়ানোর জন্য আন্দোলন করে তারা। ছোট আকারে হলেও ওই আন্দোলন এখনও চলছে ব্রাজিল জুড়ে।

এই আন্দোলন বিশ্বকাপে ব্রাজিল দলের সম্ভাবনাকে ক্ষতি করবে কিনা, প্রশ্নের উত্তরে রোববার এক টিভি চ্যানেলকে স্কলারি বলেন, “অবশ্যই বড় ক্ষতি করতে পারে।”

স্কলারি আন্দোলনের বিপক্ষে নন। তবে আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, এটা আসলে আন্দোলনের ঠিক সময় নয়।

“আমি মানছি, আন্দোলন হতেই পারে। জিনিসপত্র ভাংচুর না করে তারা যদি আন্দোলন চালায়, সেটাই হবে গণতান্ত্রিক। কিন্তু আমার মনে হয়, এটা ঠিক সময় নয়।”

স্কলারি সবাইকে মনে করিয়ে দেন, খেলোয়াড়দেরও কিছু বলার থাকতে পারে।

“তারা ব্রাজিলের খেলোয়াড় এবং তাদের একটি অভিযান আছে। তারাও তাদের তুলে ধরতে পারে, তারাও বলতে পারে, ‘আমি এর চেয়ে ভালো ব্রাজিল চাই’। আমাদের পরিবেশের (বিশ্বকাপের) ক্ষতি করে, এমন কিছু আমি চাই না”

১৯৫০ সালের পর এই প্রথম বিশ্বকাপ হতে যাচ্ছে ব্রাজিলে। ৩২টি দেশের অংশগ্রহণে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্টটি শুরু হবে ১২ জুন।