ভিলানোভার জন্য ভালোবাসা
তিতো ভিলানোভা আর ফিরবেন না। নশ্বর থেকে অবিনশ্বর জগতে পাড়ি জমানো ভিলানোভার বিদেহী আত্মা সিক্ত হচ্ছে শ্রদ্ধা আর ভালোবাসায়। বার্সেলোনা তো বটেই, বিশ্ব ফুটবল অঙ্গনই বিদায়ী এই কোচের কীর্তিকে স্মরণ করছে।
দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে ৪৫ বছর বয়সে মারা যান বার্সেলোনার সাবেক এই কোচ। শোক সংবাদটি পাওয়ার পর টুইটার, ফেইসবুক, বার্সেলোনার ওয়েবসাইটে বার্তা পাঠিয়ে—যিনি যেভাবে পেরেছেন, তার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়েছেন। বার্সেলোনার মাঠ ক্যাম্প নউয়ে ভিলানোভাকে শ্রদ্ধা জানানোর আয়োজনে সমর্থক আর খেলোয়াড়রা গিয়েও শ্রদ্ধা জানিয়েছে।
বার্সেলোনার মহাতারকা লিওনেল মেসি আর মাঝমাঠের কারিগর সেস ফ্যাব্রেগাস ভিলানোভার প্রতি তাদের শ্রদ্ধা আর ভালোবাসার কথা লিখেছেন ফেইসবুকে।
রিয়াল মাদ্রিদের সমর্থক স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদালও তার বিদায়কে মেনে নিতে পারছেন না। রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার স্যার্হিও রামোস ভিলানোভার পরিবারের প্রতি শোক ও সহমর্মিতার বার্তা পাঠিয়েছেন।
শুধু কি নাম জানা এই মানুষগুলোই! ভিলানোভার চলে যাওয়ার শোকে আক্রান্ত হয়েছে বিশ্ব জোড়া ফুটবল ভক্তরা। তারাও পরম ভালোবাসা, শ্রদ্ধা আর মমতায় স্মরণ করছে তাকে। স্মরণ করছে ফুটবলে রেখে যাওয়া তার অবদানকে।
