২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন বা মিউনিখে ইউরো ২০২০ ফাইনাল

লন্ডনের বিখ্যাত স্টেডিয়াম ওয়েম্বলি অথবা মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় হবে ইউরোপীয় ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা ইউরো ২০২০এর ফাইনাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 10:08 PM

Updated : 13 Oct 2022, 12:02 PM

আগামী ১৯ সেপ্টেম্বর ঐ দুই স্টেডিয়ামের মধ্যে একটিকে বেছে নেবে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা।

২০২০ সালে ইউরোপের ১৩টি শহরে হবে ইউরোর ১৬তম আসরটি। তবে টুর্নামেন্টের ফাইনাল ও সেমি-ফাইনাল ম্যাচ আয়োজনের দৌড়ে আছে শুধুমাত্র ইংল্যান্ড ও জার্মানি। শুরুতে তুরস্ক এই লড়াইয়ে থাকলেও পরে নিজেদেরকে সরিয়ে নেয় তারা।

এর আগে ১৯৯৬ সালে ইউরোর ফাইনাল হয়েছিল ওয়েম্বলিতে। ঐ ম্যাচে চেক প্রজাতন্ত্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। এছাড়া ২০১১ ও ২০১৩ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও হয়েছে এখানে।

২০০৭ সালে উন্নয়ন কাজ করার পরে ওয়েম্বলির বর্তমান আসন সংখ্যা ৯০ হাজার।

আর মহাদেশটির ক্লাব ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনার আসন ৭১ হাজার ১৩৭টি।

২০২০ সালের টুর্নামেন্টটির বিভিন্ন ম্যাচের স্বাগতিক হওয়ার জন্যে শুরুতে ৩২টি দেশ আবেদন করেছিল। এখন লড়াইয়ে আছে ১৯টি দেশ।