মিলানকে হারিয়ে রোমার টিমটিমে আশা
টিম টিম করে জ্বলতে থাকা শিরোপা জয়ের আশার আলোটা বাঁচিয়ে রাখল এএস রোমা। ইতালির সেরি আতে মিরালেম পিয়ানিচ ও জার্ভিনিয়োর গোলে এসি মিলানকে ২-০ গোলে হারিয়েছে তারা।
শুক্রবার লিগে টানা নবম জয়ে শীর্ষস্থানে থাকা জুভেন্টাসের ৫ পয়েন্টের ব্যবধানে এসে পড়েছে রাজধানীর দলটি।
রোমার চেয়ে এক ম্যাচ কম খেলা জুভেন্টাসের পয়েন্ট ৯০। সোমবার তারা অবনমনের শঙ্কায় থাকা সাস্সুয়েলোর বিপক্ষে খেলবে।
৩৫ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোমা। এক মৌসুমে লিগে এটা রোমার সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহের রেকর্ড।
মিলানের বিপক্ষে নিজেদের মাঠে অসাধারণ এক গোল করে রোমাকে এগিয়ে দেন পানিচ। বিরতির ২ মিনিট আগে মিলানের তিনজন খেলোয়াড়কে কাটিয়ে ঠাণ্ডা মাথায় বল জালে পৌঁছান বসনিয়ার এই মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধে জার্ভিনিয়োর করা রোমার দ্বিতীয় গোলটি ছিল অসাধারণ এক প্রতি আক্রমণের ফসল।
