২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্টিকার চোরদের কবলে মেসি, রোনালদো, নেইমার

রিও দি জেনেইরোর স্টিকার সংগ্রাহকরা একটি শোক সংবাদই পেল। পানিনি গ্রুপের স্টিকার বহনকারী একটি গাড়ি চুরি হয়ে গেছে, যার সঙ্গে খোয়া গেছে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো আর নেইমারের অসংখ্য স্টিকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2014, 11:42 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আসন্ন বিশ্বকাপের দেশগুলোর খেলোয়াড়দের প্রায় ৩ লাখ স্টিকার চুরি করেছে চোরেরা।

১৯৭০-এর বিশ্বকাপে এই ধরনের স্টিকারের প্রচলন হওয়ার পর থেকে ফুটবল সমর্থকদের কাছে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

রিওর স্টিকার-ভক্তদের হতাশা কাটাতে চুরি যাওয়ার সঙ্গে সঙ্গেই একটি বিবৃতি দিয়েছে পানিনি। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মেসি, রোনালদো আর নেইমারের স্টিকারের কমতি নেই।

ব্রাজিলে স্টিকারের চাহিদা ব্যাপক। পানিনির ধারণা, ব্রাজিলে এই বিশ্বকাপে প্রায় ৮০ লাখ স্কিকার অ্যালবাম বিক্রি হবে।

পানিনির জন্য তাদের স্টিকার চুরি হয়ে যাওয়ার ঘটনা এই প্রথম নয়। গত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাতেও তাদের স্টিকার চুরি হয়েছিল এবং পরে তা উদ্ধারও হয়।