ব্রাদার্সের বিপক্ষে কষ্টের জয় শেখ জামালের
পিছিয়ে পড়েও প্রতিপক্ষের গোলরক্ষকের ভুলে শেষমুহূর্তের গোলে জয় পেয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে তারা ৩-২ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জোড়া গোল করেছেন শেখ জামালের হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন অ্যানসেলমে।
১৭ মিনিটে অ্যানসেলমের স্বদেশী ফরোয়ার্ড সনি নর্দের গোলে এগিয়ে যায় শেখ জামাল। অ্যানসেলমেকে বক্সের মধ্যে ব্রাদার্সের ডিফেন্ডার ইউসুফ আলী খান ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তা থেকেই গোলটি করেন সনি নর্দে।
তিন মিনিট পরেই গোলটি পরিশোধ করেন ব্রাদার্সের সিমন ইজিওদকার। বক্সের ঠিক বাইরে থেকে চমৎকার ভলি শটে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ার এই মিডফিল্ডার।
৩৫ মিনিটে শেখ জামালের স্ট্রাইকার এমেকা ব্যবধান বাড়ানোর দারুণ একটি সুযোগ হাতছাড়া করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই কেস্টার আখনের গোলে এগিয়ে যায় ব্রাদার্স। ৫০তম মিনিটে শেখ জামালের ডিফেন্ডার নাসির চৌধুরীকে ফাঁকি দিয়ে বক্সে ঢুকে বল জালে জড়ান এই নাইজেরীয় ফরোয়ার্ড।
তবে ১০ মিনিট পরেই শেখ জামালকে ম্যাচে ফেরান অ্যানসেলমে। ডিফেন্ডার মোহাম্মদ লিঙ্কনের ক্রস থেকে নিজের প্রথম গোলটি করেন তিনি।
আর ম্যাচের শেষ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন অ্যানসেলমে। তবে বক্সের ঠিক বাইরে থেকে নেয়া অ্যানসেলমের শট নিয়েছিলেন, কল ব্রাদার্সের গোলরক্ষকের হাত ফসকে জালে জড়িয়ে যায়।
১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শেখা জামাল। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ব্রাদার্স।
