ডর্টমুন্ড ভীতি পেয়ে বসেছিল রিয়ালকে
বিশেষ উপলব্ধির জন্য কখনো কখনো বড় ধাক্কা খাওয়া প্রয়োজন। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে হারটি রিয়াল মাদ্রিদের জন্য সেরকম একটি ধাক্কা বলেই মনে করেন অধিনায়ক ইকার ক্যাসিয়াস। আর কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, রিয়াল মাদ্রিদকে একটা সময় ভয়ই পেয়ে বসেছিল।
মাথা উচু করেই মাঠ ছেড়েছে বরুসিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়রা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠতে না পারলে কি হবে, নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদকে আবারও হারিয়েছে তারা। ছবি: রয়টার্স মাথা উচু করেই মাঠ ছেড়েছে বরুসিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়রা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠতে না পারলে কি হবে, নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদকে আবারও হারিয়েছে তারা। ছবি: রয়টার্স
নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদকে হারালেও চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠতে পারেনি বরুসিয়া ডর্টমুন্ড। ম্যাচ শেষে কোচ ইয়ুর্গেন ক্লপ সান্ত্বনা দিচ্ছেন খেলোয়াড়দের। ছবি: রয়টার্স নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদকে হারালেও চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠতে পারেনি বরুসিয়া ডর্টমুন্ড। ম্যাচ শেষে কোচ ইয়ুর্গেন ক্লপ সান্ত্বনা দিচ্ছেন খেলোয়াড়দের। ছবি: রয়টার্স
ডর্টমুন্ডের মাঠে ২-০ গোলে হেরে গেলেও দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের পর সংবাদ সম্মেলনে রিয়াল গোলরক্ষক ক্যাসিয়াস বলেন, “এটা ভোগান্তির এক ম্যাচ ছিল এবং এটা আমাদের প্রাপ্যই ছিল।”
ক্যাসিয়াস এর পর যোগ করেন, “তবে সময়ে সময়ে জেগে ওঠার জন্য এটা দরকারও আছে। এই ম্যাচটি আমাদের মনে করিয়ে দিয়েছে, সবসময় সবকিছু আমাদের জন্য এত সহজ নয়। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে তো নয়ই।”
এরকম একটি ধাক্কা রিয়াল মাদ্রিদ কোয়ার্টার-ফাইনালে খেয়েছে এবং সেটা দলের জন্য ক্ষতিকর কিছু হয়নি বলে ক্যাসিয়াস যেন ভাগ্যকে একটা ধন্যবাদও জানালেন।
“এটা ভালো যে, ঘটনাটি চূড়ান্ত কোনো ম্যাচে না হয়ে এই ম্যাচে হয়েছে।”
গতবার এই বরুসিয়ার মাঠেই ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে সেমি-ফাইনাল থেকে বিদায় নিয়েছিল রিয়াল। সেবার গ্রুপ পর্যায়েও বরুসিয়ার সিগনাল ইদুনা পার্কে হেরেছিল তারা। অতীত আবার ফিরে না আসে—এই সময় নাকি রিয়াল মাদ্রিদকে এই ভয় পেয়ে বসেছিল। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও স্বীকার করলেন তা।
“আমরা খুব ধীর এবং ভুলে ভরা ফুটবল খেলেছি। দলের আত্মবিশ্বাসেও ঘাটতি ছিল। আর পেনাল্টি থেকে গোল না পাওয়ার পর তো পুরো দলকে ভয়ই পেয়ে বসেছিল।”
হারের পরও শেষ পর্যন্ত সেমি-ফাইনাল নিশ্চিত হয়েছে বলে হাঁপ ছেড়ে বেঁচেছেন রিয়াল মাদ্রিদ কোচ।
“এই পর্যায়ে প্রত্যেকটি ম্যাচই কঠিন। এটা তো আমরা আজ (মঙ্গলবার) দেখলামই। আমাদের জন্য ভোগান্তির এক রাত ছিল এটি। তবে ভালো লাগছে যে, অবশেষে আমরা সেমি-ফাইনালে উঠতে পেরেছি।”
মার্কো রিওসের প্রথমার্ধের ২ গোলে সেমি-ফাইনালের সুবাস পেয়েছিল ডর্টমুন্ডের খেলোয়াড়রা। এর পর আরেকটি গোলের জন্য প্রাণান্ত চেষ্টা করে গেছে তারা। শেষ পর্যন্ত আর হয়নি। তবে দল হারলেও শিষ্যদের চেষ্টায় দারুণ খুশি কোচ ইয়ুর্গেন ক্লপ।
“আমার খেলোয়াড়রা সেমি-ফাইনালে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছে। ওরা ওদের সর্বস্ব দিয়ে খেলেছে। আমি তো ধারণাই করতে পারছি না, প্রত্যেকটি খেলোয়াড় আজ (মঙ্গলবার) কত কিলোমিটার করে দৌড়েছে।”
