২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসির প্রত্যয়ে উড়ে গেল পিএসজি বাধা

রোমাঞ্চকর লড়াইয়ে পিএসজি বাধা পেরিয়েই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠল চেলসি। মঙ্গলবার নিজেদের মাঠে দ্বিতীয় লেগে দুই অর্ধে দুই বদলি খেলোয়াড় আন্দ্রে শুরলে ও ডেম্বা বার দুই গোলে ফরাসি ক্লাবটিকে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 03:28 AM

Updated : 01 Sep 2026, 12:45 PM

প্রথম লেগে পিএসজির মাঠে ৩-১ গোলে হেরে পিছিয়ে ছিল জোসে মরিনিয়োর দল। স্ট্যামফোর্ড ব্রিজে ২-০ তে জিতে দুই লেগ মিলিয়ে ৩-৩ সমতা থাকলেও প্রতিপক্ষের মাঠে গোল দেয়ার সুবাদে শেষ চারে উঠলো চেলসি।

আগের লেগে পিএসজির মাঠ থেকে হেরে আসা চেলসিকে সেমি-ফাইনালে যেতে হলে কমপক্ষে ২-০ গোলেই জিততে হতো। এটা মাথায় ছিল বলেই হয়ত শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করে তারা।

তবে প্রথম গোল পেতে তাদের অপেক্ষা করতে হয় ৩২ মিনিট পর্যন্ত। এডেন হ্যাজার্ডের বদলি হিসেবে নামা জার্মান ফরোয়ার্ড আন্দ্রে শুরলে দারুণ এক গোল করে এগিয়ে দেন চেলসিকে।ব্রাজিলের ডিফেন্ডার ডেভিড লুইসের থেকে বল পেয়ে পেনাল্টি বক্সের মধ্যে দুই ডিফেন্ডারকে ছিটকে ফেলেন শুরলে। এর পর দারুণ এক শটে বল জড়িয়ে দেন পিএসজির জালে।

এই গোলের আগে স্যামুয়েল এতো গোল করার সহজ সুযোগ হারান। ২৮ মিনিটে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের ফ্রি-কিক পিএসজির গড়া দেয়ালে লাগলেও গোললাইন পর্যন্ত গিয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য পিএসজির ইতালির গোলরক্ষক সিরিগু তা ঠেকিয়ে দেন। ৩৬তম মিনিটে গোলের সহজতম সুযোগটি হারান চেলসির গ্যারি কাহিল।

দ্বিতীয়ার্ধের শুরুটাও আক্রমণ দিয়ে করে মরিনিয়োর দল। ৫২ মিনিটে শুরলের শট ক্রসবারে লেগে ফিরে আসে। ২ মিনিট পর স্বাগতিকদের অস্কারকেও গোল বঞ্চিত করে ক্রসবার।

গোল বাঁচাতে মরিয়া পিএসজিও মাঝে মধ্যে গোলের সুযোগ তৈরি করেছে। তবে চেলসির চেক প্রজাতন্ত্রের গোলরক্ষক পিওতর চেকের নৈপুণ্যে গোলবঞ্চিত থেকেছে তারা।

শেষ পর্যন্ত চেলসিকে সেমি-ফাইনালে তুলে দেয়া ডেম্বা বার গোলটি আসে ৮৭তম মিনিটে। সেসার আসপিলিকুয়েতার শট পিএসজি খেলোয়াড়ের গায়ে লেগে বক্সের মধ্যে থাকা ডেম্বার কাছে আসে। মুহূর্তের মধ্যে টোকা দিয়ে বলটি তিনি জড়িয়ে দেন পিএসজির জালে। উল্লাসে ফেটে পড়ে পুরো স্ট্যামফোর্ড ব্রিজ।

২০১২ সালের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতেও প্রথম লেগে নাপোলির মাঠ থেকে ৩-১ গোলে হেরে এসেছিল চেলসি। তবে নিজেদের মাঠে নাপোলিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ঠিকই কোয়ার্টার-ফাইনালে উঠেছিল চেলসি। এবারও ঘুরে দাঁড়ানোর দৃষ্টান্ত দেখালো তারা।