বায়ার্নের মাঠই সাহস যোগাচ্ছে ইউনাইটেডকে
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ হিসেবে বায়ার্ন মিউনিখকে পেয়ে ইংল্যান্ডে ওঠা ‘গেল গেল’ রব এখন অনেকটাই থেমেছে। ওল্ড ট্রাফোর্ডে প্রথম লেগের 'অপরাজেয়' বায়ার্ন যে আলিয়াঞ্জ অ্যারেনার খেলবে তিন বছরের মধ্যে 'সবচেয়ে বাজে' পরিসংখ্যানকে সঙ্গে নিয়ে।
বায়ার্ন মিউনিখের মুখোমুখি হওয়ার আগে অনুশীলনে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা। ছবি: রয়টার্স বায়ার্ন মিউনিখের মুখোমুখি হওয়ার আগে অনুশীলনে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা। ছবি: রয়টার্স
নিজেদের মাঠে পাওয়া ১-১ গোলের ড্র নিয়ে বুধবার বায়ার্নের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় দ্বিতীয় লেগ খেলতে যাচ্ছে ইউনাইটেড। বাংলাদেশ সময় বুধবার রাত পৌনে একটায় শুরু হতে যাওয়া ম্যাচটির আগে প্রতিপক্ষের মাঠও কিন্তু সাহস যোগাচ্ছে ইংলিশ ক্লাবটিকে।
বায়ার্ন মিউনিখ তাদের অজেয় ভাবটা হারাতে শুরু করেছে ২৫ মার্চ বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ার পর থেকে। এর পর জার্মানির এই দলটি তিনটি ম্যাচের একটিতে হেরেছে, দুটি ড্র করেছে।
শনিবার বুন্দেসলিগায় অগসবুর্গের মাঠে ১-০ গোলে হারে গত মৌসুমের ‘ট্রেবল’জয়ীরা, যা লিগে ১৮ মাসে তাদের প্রথম পরাজয়। দুটি ড্রর মধ্যে ইউনাইটেডের সঙ্গে ম্যাচটিও আছে। ২০১১ সালের মার্চের পর টানা তিন ম্যাচে জয়হীন থাকার রেকর্ড বায়ার্নের এটাই প্রথম।
আলিয়াঞ্জ অ্যারেনায় সবশেষ চার ম্যাচে আবার কোনো ইংলিশ ক্লাবের বিপক্ষে জয় পায়নি বায়ার্ন। এর সূচনা ২০১২-এর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসির সঙ্গে ১-১ গোলের ড্র ম্যাচ দিয়ে। পরে টাইব্রেকারে নিষ্পত্তি হওয়া ম্যাচে শিরোপা জিতেছিল চেলসি।
ইউনাইটেডকে স্বপ্ন দেখাচ্ছে ২০১২ চ্যাম্পিয়ন্স লিগে চেলসির শিরোপা জয়ই। সেবার লিগে বাজে খেলেও সবাইকে অবাক করে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিল চেলসি। ইউনাইটেডের ফরাসি ডিফেন্ডার প্যাট্রিস এভরা সবাইকে মনে করিয়ে দিয়েছেন সেই ইতিহাস।
“আমি সবাইকে একটা বিষয় বলতে চাই। কেন যেন পুরো মৌসুম ধরে আমার চেলসির সেই মৌসুমটার কথা মনে পড়ছে। সেবার তারা লিগে মোটেই ভালো খেলেনি। তবে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল।”
এদিকে নিজেদের মাঠে বায়ার্নকে খেলতে হবে মাঝমাঠের সবচেয়ে বড় ভরসা শোয়াইনস্টাইগারকে ছাড়া। ওল্ড ট্রাফোর্ডে ড্র ম্যাচে লাল কার্ড দেখে এই ম্যাচে নিষিদ্ধ তিনি।
