২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালকে ঠেকাতে পারে শুধু অঘটন

প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে এক পা দিয়েই রেখেছে রিয়াল মাদ্রিদ। তাই ফিরতি লেগে বড় কোনো অঘটন না ঘটলে রিয়ালের শেষ চারে ওঠাটা এক রকম নিশ্চিতই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2014, 08:25 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে খেলবে ইউরোপের সফলতম দল রিয়াল। একই সময়ে চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে খেলবে ফ্রান্সের পিএসজি। প্রথম লেগে ফরাসি দলটির কাছে ৩-১ গোলে হারায় শেষ চারে উঠতে কঠিন পরীক্ষা দিতে হবে চেলসিকে।

প্রথম লেগের সাফল্যের কারণে সিগনাল-ইদুনা পার্কে এদিন 'ফেভারিট' হিসেবেই খেলবে রিয়াল। স্পেনের দলটির জন্য বাড়তি প্রেরণা- এক ম্যাচের বিশ্রাম শেষে মাঠে ফিরছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

গত শনিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগার ম্যাচে খেলেননি পর্তুগালের ফরোয়ার্ড রোনালদো। দুইদিন আগে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে হাঁটুতে সমস্যা বোধ করায় ম্যাচ শেষের ১০ মিনিট আগেই মাঠ ছেড়েছিলেন তিনি। আর তাতেই রোনালদোর চোট নিয়ে শঙ্কা জাগে।

তবে ম্যাচ শেষেই কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছিলেন, রোনালদোর বড় কোনো চোটে পড়ার আশঙ্কা নেই।

রোনালদোর সামনে আছে একটা রেকর্ডের হাতছানি। একটা গোল করতে পারলেই চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়বেন গতবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী। ১৪ গোল করে লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন তিনি।

তবে বরুসিয়ার মাঠে রিয়ালের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নিলে কঠিন একটা লড়াইয়ের আশা করায় যায়।

চ্যাম্পিয়ন্স লিগের গত আসরে মোট চারবার দেখা হয়েছিল এই দুই দলের। যার মধ্যে বরুসিয়ার মাঠে দুইবারই হেরেছিল রিয়াল। শেষ হারটা তো রিয়ালের জন্য যতটা লজ্জার ঠিক ততটাই হতাশার।

সেমি-ফাইনালে বরুসিয়ার মাঠে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ৯ বারের ইউরোপ সেরা রিয়াল। চারটি গোলই করেছিলেন স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি।

চোটের কারণে গত সপ্তাহের প্রথম লেগে খেলতে পারেননি পোল্যান্ডের এই তারকা খেলোয়াড়। তবে ঘরের মাঠে ফিরছেন লেভানদোভস্কি। তাই তার প্রত্যাবর্তনে আবারো কোনো নাটকীয় জয়ের স্বপ্ন দেখতেই পারে গতবারের রানার্সআপরা।