নাপোলির ফের ছন্দপতন
লিগের শীর্ষে থাকা জুভেন্টাসকে গত সপ্তাহে ২-০ গোলে হারিয়ে রীতিমত চমক জাগিয়েছিল নাপোলি। কিন্তু সাত দিন বাদে ছন্দপতন; পার্মার মাঠে ১-০ গোলে হেরে গেছে তারা।
রোববার ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে পিছিয়ে পড়ে নাপোলি। আক্রমণভাগের দুর্বলতাও চোখে পড়ে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের দশম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন পার্মার মিডফিল্ডার মার্কো পারোলো। স্বদেশী ডিফেন্ডার মাত্তিয়া কাসানির পাস থেকে গোলটি করেন ইতালির এই খেলোয়াড়। এই হারের কারণে শিরোপা লড়াই থেকে একরকম ছিটকেই পড়লো নাপোলি। ৩২ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। সমান ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে এএস রোমা। রোববার আরেক ম্যাচে ক্যালিয়ারিকে ৩-১ গোলে হারায় রোমা। আর এক ম্যাচ কম খেলে ৮১ পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখার পথেই এগুচ্ছে জুভেন্টাস।
