বায়ার্নে নিষিদ্ধ দুই ব্রিটিশ ট্যাবলয়েড
ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে বায়ার্ন মিউনিখকে সমতায় ফিরিয়েছেন বাস্তিন শোয়াইনস্টাইগার; আর তাকেই কিনা অপমান! ইংল্যান্ডের দুই ট্যাবলয়েড পত্রিকাকে তাই আলিয়াঞ্জ অ্যারেনায় নিষিদ্ধ করেছে জার্মানির ক্লাবটি।
আগামী সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের দ্বিতীয় লেগ বায়ার্নের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় খেলবে। ম্যাচটিতে ইংল্যান্ডের দি সান এবং ডেইলি মিররের সাংবাদিকদের প্রেসবক্সে ঢুকতে দেবে না ক্লাব কর্তৃপক্ষ।মঙ্গলবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে এক গোলে এগিয়ে থাকা ইউনাইডের জালে গোল করে বায়ার্নকে সমতায় ফেরান শোয়াইনস্টাইগার। পরে ম্যাচের শেষের দিকে ওয়েইন রুনিকে ফাউল করে লালকার্ডও দেখেন তিনি। ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।
ওই ম্যাচের পর দুটি পত্রিকাই শোয়াইনস্টাইগারকে নিয়ে নেতিবাচক শিরোনাম করে। শোয়াইনস্টাইগারের নামের প্রথম অংশ জার্মান ভাষায় ‘শূকর’। সেই সুযোগটা নিয়েই শোয়াইনস্টাইগারের ছবির ওপর সান শিরোনাম করে “ইউ শোয়াইন”। মিরর আরো এক কাঠি বাড়িয়ে শিরোনাম করে “ইউ ডার্টি শোয়াইন”।জার্মানিতে এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। বৃহস্পতিবার বায়ার্ন মিউনিখ এর তীব্র প্রতিবাদ জানিয়েছে।
