২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেলকে হারিয়ে সেমিতে ফেনী সকার

গতবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্রকে বিদায় করে দিয়ে স্বাধীনতা কাপের সেমি-ফাইনালে উঠেছে ফেনী সকার ক্লাব। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে চমক দেখায় দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 09:10 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৩০ মিনিটের পর ছিল ছিল ২-২ গোলে সমতা।

ম্যাচের মাত্র ৭ মিনিটেই ফেনী সকার এগিয়ে যায় গাম্বিয়ান ফরোয়ার্ড কাবা জুবের গোলে। স্বদেশী ডিফেন্ডার ম্যাথু মেন্ডির লম্বা পাসে বল পেয়ে কাবা লক্ষ্যভেদ করেন।

৮৯ মিনিটে সমতাসূচক গোল করেন জ্যামাইকান মিডফিল্ডার রিকার্ডো কাজিন্স। বক্সের ভেতরে কাজিন্সের চিপ গোলরক্ষকের গায়ে লেগে বল জালে ঢুকে যায়।

অবশ্য এর আগে ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গাম্বিয়ান ডিফেন্ডার ল্যান্ডিং ডার্বো গোল করতে ব্যর্থ হওয়ায় ফেনী এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ হাতছাড়া করে। শেখ রাসেল ডিফেন্ডার রেজাউল করিম বক্সের ভেতরে চার্লসকে ফেলে দেয়ায় রেফারি পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন।

নির্ধারিত সময়ে ম্যাচ অমীমাংসিত থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।অতিরিক্ত সময়ের ২৬তম মিনিটে পেনাল্টি থেকে হাইতিয়ান ফরোয়ার্ড পেসক্যাল মিলিয়েনের গোল করে শেখ রাসেলকে এগিয়ে দেন। বক্সের ভেতরে ফেনীর ডিফেন্ডার শাহীনুর রহমান শেখ রাসেলের স্ট্রাইকার মোহাম্মদ রবিনকে ফেলে দেয়ায় রেফারি পেনাল্টির নির্দেশ দিয়েছিলেন।এই পেনাল্টি নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয়। ফেনীর খেলোয়াড়রা রেফারির এই সিদ্ধান্তের প্রতিবাদে ৫ মিনিট খেলা থেকে বিরত থাকে।দুই মিনিট পরই অবশ্য গোলটি শোধ করে দেয় ফেনী। রনি ইসলামের বাড়ানো বল থেকে গোল করেন চুকা চার্লস।

টাইব্রেকারে জিতে বিজয়ের উল্লাসে মেতে উঠে ফেনীর দলটি। এই নিয়ে দ্বিতীয়বার কোনো টুর্নামেন্টের সেমি-ফাইনালে উঠলো তারা। এর আগে ২০০৯ সালে একবার ফেডারেশন কাপের সেমি-ফাইনালে উঠেছিল ফেনী সকার।

টাইব্রেকারে ফেনীর পক্ষে চারটি গোল করেন কাবা জুবে, ম্যাথু মেন্ডি, আজমল হোসেন বিদ্যুৎ, ল্যান্ডিং ডার্বো। আর গোল করতে পারেননি আলী হাসান। শেখ রাসেলের পক্ষে তিনটি গোল করেন মিঠুন চৌধুরী, পেসক্যাল মিলিয়েন ও মিরোস্লাভ সাভানোবিচ। আর রিকার্ডো কাজিন্স ও ফ্রান্সিকো ইসুকার গোল করতে না পারায় কোয়ার্টার-ফাইনাল থেকেই বিদায় নিতে হয় গতবারের চ্যাম্পিয়ন দলটিকে।