ফুটবল খেলতে গিয়ে যুবরাজের চোট
ছন্দে ফেরা যুবরাজ সিং বুধবার ভারতীয় দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি।
মঙ্গলবার সতীর্থদের সঙ্গে খালি পায়ে ফুটবল খেলার সময় গোড়ালিতে চোট পান যুবরাজ।
দলের মিডিয়া ম্যানেজার ড. বাবা এক বিবৃতিতে জানান, বাঁ গোড়ালিতে চোট পেয়েছেন যুবরাজ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বুধবারের অনুশীলন থেকে তাকে বিশ্রাম দেয়া হয়েছে।
সবার আগে সেমি-ফাইনাল নিশ্চিত করে অনুশীলনে বৈচিত্র্য এনেছিল ভারত। ফুটবল খেলা ছিল তারই অংশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়মিতই অনুশীলনে ফুটবল খেলছে ভারত। এটা ক্রিকেট থেকে তাদের মনকে সরিয়ে রাখে আর খেলোয়াড়রা এটা উপভোগও করেন। সবসময় জুতা পরে খেললেও সেদিন খালি পায়েই খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।
শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় সেমি-ফাইনালে খেলবে ভারত। তাই পুরোপুরি সুস্থ হয়ে উঠার জন্য আরেকটি দিন পাচ্ছেন যুবরাজ।
