২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর রেকর্ডে রিয়ালের প্রতিশোধ

লক্ষ্যটা ছিল প্রতিশোধের। বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সেটা ভালোভাবেই উদযাপন করলো রিয়াল মাদ্রিদ। আর এই জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে এক পা দিয়ে রাখলো ইউরোপের সবচেয়ে সফল দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 05:28 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শততম ম্যাচটি গোল করেই উদযাপন করলেন ক্রিস্টিয়ানোর রোনালদো। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে সর্বোচ্চ ১৪ গোলের লিওনেল মেসির রেকর্ড স্পর্শ করলেন তিনি। ২০১১-১২ মৌসুমে রেকর্ডটি গড়েছিলেন বার্সেলোনার এই তারকা।চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমে শেষ চারের প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ। আর তাতেই মূলত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে যায় তাদের। ফিরতি লেগে নিজেদের মাঠে ২-০ গোলে রিয়াল জিতলেও দুই লেগে মিলে এগিয়ে থেকে ফাইনালে ওঠে বরুসিয়া। এবারের জয়ে তাই কিছুটা প্রতিশোধ নেয়া হলো রিয়ালের। অবশ্য ডর্টমুন্ডের মাঠে ফিরতি লেগের ম্যাচ এখনো বাকি।সান্তিয়াগো বার্নাবেউয়ে ম্যাচ শুরুর প্রথম মিনিটেই কর্নার আদায় করে নেয় বরুসিয়া। কিন্তু রিয়ালের রক্ষণ ভাঙতে পারেনি তারা।

বরুসিয়ার রক্ষণভাগের প্রতিরোধ ভাঙতে অবশ্য বেশি সময় নেয়নি স্বাগতিকরা। তৃতীয় মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন গ্যারেথ বেল। ডান প্রান্ত দিয়ে স্ট্রাইকার করিম বেনজেমার পাস ধরে ডিফেন্ডার দানিয়েল করভাহাল বল বাড়ান ডি বক্সে ঢুঁকে পড়া বেলকে। আলতো টোকায় গোলরক্ষককে পরাস্থ করেন ওয়েলসের এই ফরোয়ার্ড।

শুরুতেই ১-০ গোলে এগিয়ে গিয়ে একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণকে ব্যতিব্যস্ত করে তোলে রিয়ালের আক্রমণভাগ। ১৩ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে নেয়া রোনালদোর দুর্দান্ত গতির একটি ফ্রি-কিক ঝাঁপিয়ে পড়ে কোনোরকমে ঠেকান অতিথি গোলরক্ষক রোমান ভাইডেনফেলার। তার দুই মিনিট আগে রোনালদোর আরেকটি শট ঠেকিয়ে দলকে বিপদমুক্ত করেন রোমান।

তবে রিয়ালের একের পর এক আক্রমণের সামনে বেশিক্ষণ বাধা হয়ে থাকতে পারেনি অতিথিদের রক্ষণভাগ। ২৭ মিনিটে ব্যবধান ২-০ করেন ইসকো।

ডি বক্সের মাঝে দেয়া রোনালদোর ক্রস বিপদমুক্ত করতে গিয়ে ভুল করে বসেন বরুসিয়ার এক ডিফেন্ডার। আর তা থেকেই এক সতীর্থের পা ঘুরে বল পেয়ে গিয়েছিলেন মিডফিল্ডার ইসকো।

৩৪ মিনিটের মাথায় ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল জার্মান দলটি। কিন্তু ডি বক্সের ঠিক বাইরে থেকে মিডফিল্ডার কেভিন গ্রসক্রেউটজের শটটি ঠেকিয়ে দেন রিয়ালের গোলরক্ষক ইকার ক্যাসিয়াস।

৪৯তম মিনিটে সহজ একটি সুযোগও পেয়ে যায় তারা। কিন্তু লুকা মদ্রিচের পাস থেকে লক্ষ্যভেদে ব্যর্থ হন বেল। এর আট মিনিট বাদেই রোনালদোর রেকর্ড ছোঁয়ার গোল। মিডফিল্ডার মদ্রিচের পাস ডি বক্সের মাঝে ডান পা দিয়ে ধরে বাঁ-পায়ের শটে বল জালে জড়ান এবারের ফিফা ব্যালন ডি অ’র জয়ী রোনালদো। এরই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে টানা গোল করার রেকর্ডটাকে আট ম্যাচে বাড়িয়ে নিলেন ‘সিআর সেভেন’।

ম্যাচের ৫৯ মিনিটে ব্যবধান কমানোর আরেকটি সুযোগ পায় বরুসিয়া। কিন্তু মিডফিল্ডার হেনরিখ মিখিতারিয়ানের শটটি রিয়ালের ডিফেন্ডার পেপের পায়ে লেগে ফিরে আসে। চার মিনিট বাদে ব্যবধান হতে পারত ৪-০। কিন্তু লাফিয়ে পড়ে বেনজেমার দুর্দান্ত হাফ-ভলি ঠেকিয়ে দেন গোলরক্ষক।

৭২তম মিনিটে বরুসিয়াকে আবারো হতাশ করেন ক্যাসিয়াস। মার্কো রয়েসের শটটি খানিকটা এগিয়ে রুখে দেন তিনি।

বাকি সময়ে বেশ কয়েকটা করে সুযোগ পেয়েছিল দুই দলই। কিন্ত গোলের দেখা আর মেলেনি।

শেষ আটের অন্য ম্যাচে ইংল্যান্ডের চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে ফ্রান্সের পিএসজি।