ব্রাজিল বিশ্বকাপের আরেক শ্রমিকের মৃত্যু
বিশ্বকাপের আগে সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ান্স স্টেডিয়ামকে প্রস্তুত করে তোলার কাজে নিয়োজিত আরো এক শ্রমিকের মৃত্যু হলো। শনিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে সান্তা মার্সেলিনা হাসপাতাল কর্তৃপক্ষ।
অ্যারেনা করিন্থিয়ানস স্টেডিয়ামে এ নিয়ে তৃতীয় শ্রমিকের মৃত্যু হলো। আর ব্রাজিল বিশ্বকাপের স্টেডিয়ামের নির্মাণ কাজে এটি সপ্তম শ্রমিকের মৃত্যু।
সান্তা মার্সেলিনা হাসপাতাল থেকে জানানো হয়েছে ফ্যাবিও হ্যামিল্টন দা ক্রুজ নামের এই শ্রমিক শনিবার সকালে কাজ করার সময় ২৫ ফুট উপর থেকে পড়ে যায়। অস্থায়ী গ্যালারির কাজ করছিলেন তিনি।
ব্রাজিলের ক্রীড়া মন্ত্রীও ক্রুজের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এবং মৃত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। টুইটারে সমবেদনা জানিয়েছেন ফিফার সাধারণ সম্পাদক জেরোমে ভালকেও।
৪৮ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম অ্যারেনা করিন্থিয়ান্সের কাজ শেষ হয়ে গিয়েছিল আগেই। কিন্তু পরে বাড়তি ২০ হাজার আসন বাড়ানোর সিদ্ধান্ত হয়। বর্তমানে সেই কাজই চলছে।
অ্যারেনা করিন্থিয়ান্সেই ১২ জুন বিশ্বকাপের ব্রাজিল-ক্রোয়েশিয়া উদ্বোধনী ম্যাচটি হবে।
