আর্সেনালের মাঠে ম্যান সিটির ড্র
আগের ম্যাচেই হেরেছিল শীর্ষে থাকা চেলসি। আর্সেনালের সঙ্গে ড্র করে তাদের টপকে যাওয়ার সুযোগ হারালো ম্যানচেস্টার সিটি।
শনিবার রাতে আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আক্রমণ-প্রতিআক্রমণে প্রথম থেকেই ম্যাচটি জমে ওঠে।প্রথমার্ধের ১৮ মিনিটে এগিয়ে যায় সিটি। দাভিদ সিলভার পাস থেকে গোলে শট নিয়েছিলেন এদিন জোকো। গোল পোস্টে লেগে বল ফিরে এলেও সিলভার পায়ে লেগে জালে ঢুকে যায় তা।দ্বিতীয়ার্ধের শুরুর দিকে সমতা আনে স্বাগতিকরা। লুকাস পোডলস্কির ক্রস থেকে গোল করেন ম্যাথিউ ফ্ল্যামিনি।এরপর দুই দলই দারুণ কিছু সুযোগ পেয়েছিল, তবে গোলের দেখা পায়নি কেউই।আগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মাঠে ১-০ গোলে হেরে আসে জোসে মরিনিয়োর চেলসি। তবে ম্যান সিটি-আর্সেনাল ড্র করায় শনিবার তাদের আর শীর্ষস্থান হারাতে হয়নি। ৩২ ম্যাচে চেলসির পয়েন্ট ৬৯।লিভারপুল অবশ্য রোববারই তাদের টপকে যেতে পারে। চেলসির চেয়ে এক ম্যাচ কম খেলে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে আছে তারা।৬৭ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি তৃতীয় স্থানে থাকলেও তারা কিন্তু চেলসির চেয়ে ২ ম্যাচ কম খেলেছে।৩২ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শিরোপা লড়াইয়ে টিকে রয়েছে আর্সেনালও।এদিকে দিনের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ৪-১ গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে কোচ ডেভিড ময়েসকে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।ইপিএলে দিনের অন্যান্য ম্যাচে সাউথহ্যাম্পটন ৪-০ গোলে নিউক্যাসল ইউনাইটেডকে, স্টোক সিটি ১-০ গোলে হাল সিটিকে ও সোয়ানসি সিটি ৩-০ গোলে নরিচ সিটিকে হারিয়েছে। ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন ও কার্ডিফ সিটির ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে।
