আবারো হোঁচট চেলসির
ইংলিশ প্রিমিয়ার লিগে আবারো হোঁচট খেয়েছে চেলসি। নবাগত ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলে হেরে গেছে তারা।
সাম্প্রতিক সময়ে চেলসির পারফরম্যান্স মোটেও ধারাবাহিক নয়। গত ১৫ মার্চ অ্যাস্টন ভিলার মাঠে ১-০ গোলে হেরে গিয়েছিল তারা। তবে নিজেদের মাঠে গত সপ্তাহের লন্ডন ডার্বিতে আর্সেনালকে ৬-০ গোলে বিধ্বস্ত করে আবারো ছন্দে ফেরার ইঙ্গিত দেয় জোসে মরিনিয়োর দল। কিন্তু পঁচা শামুকে আবারো পা কাটলো স্ট্যামফোর্ড ব্রিজের দলটির।বড় ম্যাচে বড় জয়ের বাড়তি আত্মবিশ্বাস নিয়েই শনিবার প্রতিপক্ষের মাঠে খেলতে নামে চেলসি। কিন্তু এদিন ঠিক স্বরূপে দেখা যায়নি তাদের। তবে তাদের এই হারের কারণ নিজেদেরই চরম ভুল।গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে আত্মঘাতী গোল করেন অভিজ্ঞ ডিফেন্ডার জন টেরি। স্বাগতিক ডিফেন্ডার জোয়েল ওয়ার্ডের একটি ক্রস প্রতিহত করতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল পাঠিয়ে দেন।১-০ গোলে পিছিয়ে পড়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি 'ব্লুজ' নামে পরিচিত দলটি। উল্টো শেষদিকে স্বাগতিক আক্রমণভাগ বারবার ব্যর্থ না হলে চেলসির হারের ব্যবধানটা আরো বাড়তে পারতো।এই হারের কারণে নিজেদের পয়েন্ট বাড়িয়ে নিতে পারলো না চেলসি। ৩২ ম্যাচে তাদের পয়েন্ট ৬৯।এদিকে দিনের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ৪-১ গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়েছে।ইপিএলে দিনের অন্যান্য ম্যাচে সাউথহ্যাম্পটন ৪-০ গোলে নিউক্যাসল ইউনাইটেডকে, স্টোক সিটি ১-০ গোলে হাল সিটিকে ও সোয়ানসি সিটি ৩-০ গোলে নরিচ সিটিকে হারিয়েছে। ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন ও কার্ডিফ সিটির ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে।
