২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলকর্তাদের টি-টোয়েন্টি বোধোদয়!

দেশজুড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ডামাডোল। এর মধ্যে ফুটবলে যে বেশি লোক চোখ রাখবে না, অবশেষে সেটা বুঝতে পারল বাংলাদেশের ফুটবল কর্তারা! আর তাই তারা পরিবর্তন আনলেন স্বাধীনতা কাপ ফুটবলের সূচিতে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2014, 08:29 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

গ্রুপ পর্ব শেষ হওয়ার পর রোববার থেকে স্বাধীনতা কাপের কোয়ার্টার-ফাইনাল শুরু হওয়ার কথা ছিল। তবে নতুন সূচি অনুযায়ী, টুর্নামেন্টের শেষ আটের খেলা দুদিন পিছিয়ে হবে মঙ্গলবার থেকে।

শনিবার বাফুফের পেশাদার লিগ কমিটি সিদ্ধান্ত নিয়েছে কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো দুদিন করে পেছাবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যই এমন সিদ্ধান্ত নেয়ার বিষয়টি উল্লেখ করে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে টুর্নামেন্টের প্রচার-প্রচারণা তেমনভাবে হচ্ছে না।

নতুন সূচি অনুযায়ী ৪টি কোয়ার্টার-ফাইনাল ম্যাচ হবে ১ থেকে ৪ এপ্রিল পর্যন্ত। ১ এপ্রিল বিজেএমসি ও ব্রাদার্স ইউনিয়ন, ২ এপ্রিল শেখ রাসেল ক্রীড়া চক্র ও ফেনী সকার ক্লাব, ৩ এপ্রিল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং ৪ এপ্রিল আবাহনী লিমিটেড ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব মুখোমুখি হবে।

আর দুটি সেমি-ফাইনাল ম্যাচ হবে ৮ ও ৯ এপ্রিল এবং ফাইনাল ১২ এপ্রিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হবে ৬ এপ্রিল। বিশ্বকাপের কথা ভেবেই যদি ম্যাচ পেছানো হয়, তাহলে কোয়ার্টার ফাইনাল চারটি কেন টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যেই রাখা হয়েছে?

বিষয়টি পরিষ্কার করে আবু নাঈম সোহাগ জানান, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কথা ভেবেই টুর্নামেন্ট কমিটি অন্তত সেমি-ফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো বিশ্বকাপের পর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।