২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সনি ওপেনের শেষ চারে নাদাল

মিয়ামিতে নিজের প্রথম শিরোপা জেতার পথে আরো একধাপ এগিয়ে গেলেন রাফায়েল নাদাল। কানাডার মিলোস রাওনিচকে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছেন স্পেনের এই তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2014, 03:18 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

মিয়ামির হার্ড কোর্টে সনি ওপেনে তিনবারের রানার্সআপ নাদালকে লড়াই করেই সেমি-ফাইনালে উঠতে হয়েছে। বৃহস্পতিবার রাওনিচকে ৪-৬, ৬-২ ও ৬-৪ গেমে হারান তিনি।

রোববারের ফাইনালে জায়গা করে নিতে শেষ চারে নাদাল লড়বেন সপ্তম বাছাই তমাস বার্দিচের বিপক্ষে। ইউক্রেনের আলেক্সান্ডার দোলগোপোলভকে ৬-৪, ৭-৬ গেমে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছেন চেক প্রজাতন্ত্রের এই টেনিস খেলোয়াড়।

অপর সেমি-ফাইনালে সেমি-ফাইনালে সার্বিয়ার নোভাক জোকোভিচ মুখোমুখি হবেন ফেরার ও ফেদেরারকে বধ করা জাপানের কেই নিশিকোরির।

ক্যারিয়ারে ৬১টি শিরোপা জিতেছেন নাদাল। এ বছরেও দুটি শিরোপা জিতেছেন তিনি। তবে ১৩টি গ্র্যান্ড স্ল্যামজয়ী নাদালের কাছে মিয়ামির শিরোপা অধরাই রয়ে গেছে।