২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নর্দের জোড়া গোলে মুক্তিযোদ্ধাকে হারালো জামাল

সনি নর্দের জোড়া গোলে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে সহজেই হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৩-১ গোলের এই জয়ে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 10:10 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সনি নর্দের গোলে এগিয়ে যায় শেখ জামাল। ম্যাচের ৫১ মিনিটে মিডফিল্ডার মামুনুল ইসলামের পাস থেকে বল পেয়ে আড়াআড়ি শটে জালে জড়ান নর্দে।৬৪তম মিনিটে সমতা আনে মুক্তিযোদ্ধা। মিডফিল্ডার মারুফ আহমেদের ক্রস থেকে নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবার আলতো টোকায় বল জালে জড়ান।শেষ ছয় মিনিটে শেখ জামাল দুই গোল আদায় করে নেয়। ৮৪তম মিনিটে মামুনুলের কর্নার থেকে লিঙ্কনের পা ঘুরে বল পেয়ে গোল করেন নর্দে। আর ম্যাচের শেষ মিনিটে মিডফিল্ডার সোহেল রানার গোলে জয় নিশ্চিত করেন। হাইতির ফরোয়ার্ড ওয়েডস অ্যানসেলমের লব থেকে বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের চমৎকার প্লেসিং শটে জালে জড়ান তিনি।এই জয়ের সুবাদে শেখ জামাল ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। আর মুক্তিযোদ্ধা একটি জয় এবং একটি হারে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটে ওঠে। এই গ্রুপ থেকে উত্তর বারিধারা দুই ম্যাচে হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।