২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ব্রাদার্সের ড্র

স্বাধীনতা কাপে দুর্বল চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 09:50 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমে অবশ্য এগিয়ে গিয়েছিল ব্রাদার্সই। ম্যাচের ২২তম মিনিটে মিডফিল্ডার জুয়েল রানার পাসে ব্রাদার্সকে এগিয়ে দেন ফরোয়ার্ড রুবেল মিয়া।

২৯ মিনিটে চট্টগ্রাম আবাহনী গোল শোধের সহজ সুযোগ পেয়েছিল। মিডফিল্ডার মনসুর ইসলামের ক্রস থেকে নেয়া স্ট্রাইকার জাভেদ খানের শট ক্রসবার ঘেষে বাইরে চলে যায়।

৩৮ মিনিটে ম্যাচে সমতা আনে চট্টগ্রামের দলটি। বক্সের ঠিক বাইরে থেকে আচমকা শটে বল জালে জড়ান গিনির ফরোয়ার্ড ওসমান শরিফ।

এরপরও ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ পায় চট্টগ্রাম আবাহনী। কিন্তু ৪২তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি সোহেল মিয়া।

শেষ বাঁশি বাজার ৫ মিনিট আগে ব্রাদার্সও দারুণ একটি সুযোগ নষ্ট করে। গোলরক্ষককে ফাঁকায় পেয়েও বল তার হাতে তুলে দেন ফরোয়ার্ড আব্দুল মালেক।

এই ড্রয়ের ফলে ‘ডি’ গ্রুপ থেকে গোপীবাগের ক্লাব ব্রাদার্সের কোয়ার্টার-ফাইনালে একটু কঠিনই হয়ে গেলো। পরের ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্রের মুখোমুখি হতে হবে তাদের।