২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাল কার্ড দেখিয়ে ভুল স্বীকার রেফারির

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি-আর্সেনাল ম্যাচে ভুল খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি আন্দ্রে ম্যারিনার। ম্যাচ শেষে ভুল স্বীকারও করেছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 03:12 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

শনিবার ম্যাচের ১৫তম মিনিটে এডেন হ্যাজার্ডের নেয়া শট আর্সেনালের জাল খুঁজে নিচ্ছিল। কিন্তু সেটা হাত দিয়ে ঠেকিয়ে দেন অ্যালেক্স চেম্বারলেইন। রেফারি পেনাল্টির নির্দেশ দেন সঙ্গে সঙ্গেই; কিন্তু লাল কার্ড দেখান আর্সেনাল ডিফেন্ডার কিরন গিবসকে।

বেচারা গিবস হতভম্বই হয়ে গিয়েছিলেন। এমনকি চেম্বারলেইনও রেফারিকে বোঝাতে চেয়েছিলেন, অপরাধ আসলে তিনি করেছেন, গিবস নয়। কিন্তু কে শোনে কার কথা! গিবসকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত থেকে পিছপা হননি ম্যারিনার।

তবে ম্যাচের পর ম্যারিনার বুঝতে পেরেছেন, বড় ভুল হয়ে গেছে। পেশাদার ফুটবলের ম্যাচ অফিসিয়ালদের সংগঠন এক বিবৃতিতে ম্যারিনারের ভুল-স্বীকার করার বিষয়টি জানিয়েছে।

“সঠিক খেলোয়াড় চিনতে না পারার কারণে আন্দ্রে খুবই হতাশ হয়েছেন। বিষয়টি সম্পর্কে সচেতন হওয়ার পরপরই তিনি আর্সেনালের কাছে নিজের হতাশার কথা প্রকাশ করেছেন।”

চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ৬-০ গোলের হারের পর আর্সেনাল কোচ আর্সেন ভেঙ্গার রেফারির এই ভুল নিয়ে কথা বলেছেন।