টেনিসে ২৮ মিনিটেই খেলা শেষ
এটিপি ট্যুরে সবচেয়ে কম সময়ে জয়ের রেকর্ড গড়েছেন ফিনল্যান্ডের ইয়ার্কো নিয়েমিনেন। সনি ওপেনের প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়ার বার্নার্ড টমিচকে হারাতে তিনি সময় নিয়েছেন মাত্র ২৮ মিনিট ২০ সেকেন্ড। খেলার ফলাফল ৬-০, ৬-১।
পুরুষদের টেনিসে কম সময়ে ম্যাচ জয়ের আগের রেকর্ডটি ছিল ব্রিটেনের গ্রেগ রুসেদস্কির। ১৯৯৬ সালে সিডনি ইন্টারন্যাশনালে জার্মানির কার্স্টেন অ্যারাইন্সকে ২৯ মিনিটে ৬-০, ৬-০ গেমে হারিয়েছিলেন তিনি।১৯৯১ সাল থেকে আনুষ্ঠানিকভাবে তথ্য রাখা শুরু করে পুরুষদের টেনিসের নিয়ন্ত্রক সংস্থা এটিপি।যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠানরত এই প্রতিযোগিতার মেয়েদের এককের তৃতীয় রাউন্ডে উঠেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস ও রাশিয়ার মারিয়া শারাপোভা।র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সেরেনা ৭-৬, ৬-২ গেমে কাজাখস্তানের ইয়ারোস্লাভা শেভদোভাকে এবং চতুর্থ বাছাই শারাপোভা ৬-৩, ৬-৪ গেমে জাপানের কুরুমি নারাকে হারিয়েছেন।
