শেখ জামালের রেকর্ড গড়া জয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নবাগত উত্তর বারিধারা ক্লাবকে ৮-০ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
পেশাদার লিগে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়। আগের রেকর্ডটা ছিল ৭-০। এবারের লিগেই বিজেএমসি এই ব্যবধানে উত্তর বারিধারাকে হারিয়েছিল।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামালের পক্ষে হ্যাটট্রিকসহ চার গোল করেন নাইজেরীয় স্ট্রাইকার এমেকা ডার্লিংটন। লিগে এমেকার এটা দ্বিতীয় হ্যাটট্রিক। হ্যাটট্রিক করেছেন হাইতির ফরোয়ার্ড ওয়েডসন অ্যানসেলমেও।
রেকর্ড গড়া জয়ের সুবাদে ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে প্রথম লেগ শেষ করলো শেখ জামাল।
দশম মিনিটে ডিফেন্ডার ইয়ামিন মুন্নার ক্রস থেকে এমেকার হেড এগিয়ে দেয় ফেডারেশন কাপ চ্যাম্পিয়নদের। ২১ মিনিটে মিডফিল্ডার মামুনুল ইসলামের পাস থেকে এমেকাই দ্বিগুণ করেন ব্যবধান।
৩৫ মিনিটে ডিফেন্ডার মোহাম্মদ লিঙ্কনের ক্রস থেকে ওয়েডসনের হেডে স্কোরলাইন হয়ে যায় ৩-০। পরের মিনিটেই পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন এমেকা।
৫৪ মিনিটে শেখ জামালের পঞ্চম গোলটিও এমেকার। ৬৩ ও ৭৭ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ওয়েডসন।
৮৭ মিনিটে অষ্টম ও শেষ গোলটি মিডফিল্ডার মামুনুল ইসলামের।
