রোমাঞ্চকর ফাইনালে ফেদেরারকে হারালেন জোকোভিচ
পিছিয়ে পড়েও দারুণভাবে ফিরে এসে রজার ফেদেরারকে হারিয়েছেন নোভাক জোকোভিচ। জিতে নিয়েছেন বিএনপি প্যারিবাস ওপেনের শিরোপা।
ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলসে রোববার রোমাঞ্চকার এই ফাইনালের নিষ্পত্তি হয় টাই-ব্রেকে। প্রথম সেট ৬-৩ ব্যবধানে জিতে নিয়েছিলেন সুইস তারকা ফেদেরার। দ্বিতীয় সেটে একই ব্যবধানে জিতে ফিরে আসেন পুরুষদের টেনিসে দ্বিতীয় বাছাই জোকোভিচ।
টাই-ব্রেকে গড়ায় শেষ সেট, যাতে ৭-৬ (৭-৩) গেমে জিতে ট্রফি তুলে ধরেন সার্বিয়ার এই তারকা।
এ নিয়ে তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জিতলেন ২৬ বছর বয়সী জোকোভিচ। আর দুবাইতে গত মাসে ফেদেরারের কাছে হারের প্রতিশোধও নেয়া হলো তার।
ফাইনালটা ছিল এই দুই তারকার ৩৩ তম লড়াই, যাতে এখনও ১৭-১৬ ব্যবধানে এগিয়ে আছেন ফেদেরার।
ম্যাচ শেষে জোকোভিচ বলেন, "এটা একটা গর্বের অর্জন। কারণ এটা শুধু ট্রফি জেতা নয়; আমি এক সেট পিছিয়ে থেকে জিতেছি। এটা আমাকে অনেক আত্মবিশ্বাস যোগায়।"
ফাইনালে হেরে গেলেও নিজের 'ফর্ম' নিয়ে সন্তষ্ট ১৭টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ফেদেরার।
"আমি খুশি। বর্তমানে আমি দারুণ খেলছি।
ফেদেরারের খুশি হওয়ারই কথা। ইন্ডিয়ান ওয়েলসে ফাইনালে ওঠায় র্যাঙ্কিংয়ে অষ্টম থেকে পঞ্চম স্থানে উঠে আসবেন তিনি।
মেয়েদের বিভাগে পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভান্সকাকে হারিয়ে শিরোপা শিরোপা জিতেছেন ইতালির ফ্লাভিয়া পেন্নেত্তা।
হাটুর চোটে ভুগতে থাকা রাদভান্সকা হার মানেন ৬-২, ৬-১ গেমে।
মূলত দ্বৈতের খেলোয়াড় পেন্নেত্তার এটা ক্যারিয়ারের সেরা সাফল্য। গত ইউএস ওপেনের সেমি-ফাইনালে উঠেছিলেন ইতালির অভিজ্ঞ এই খেলোয়াড়।
