২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোয়ার্টার-ফাইনালে পিএসজি

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার জন্য মূল কাজটা প্রথম লেগেই করে রেখেছিল পিএসজি। দ্বিতীয় লেগে বায়ার লেভারকুজেনকে ২-১ গোলে হারিয়ে শুধু আনুষ্ঠানিকতা শেষ করলো ফ্রান্সের এই ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 09:07 AM

Updated : 13 Oct 2022, 11:54 AM

দু্ই লেগ মিলিয়ে ৬-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে অনায়াসেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠে গেছে পিএসজি।

প্রথম লেগের ৪-০ গোলে পাওয়ায় অনেকটাই নির্ভার ছিল পিএসজি। বুধবার রাতে নিজেদের মাঠে তাই মূল অনেক খেলোয়াড়কেই বিশ্রাম দিয়েছিলেন কোচ। দলের সবচেয়ে বড় তারকা ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচও তেমন দ্যুতি ছড়াতে পারেননি। এরপরও জার্মানির ক্লাব লেভারকুজেনকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি পিএসজিকে।

ম্যাচের শুরুটা অবশ্য ভালোই করেছিল লেভারকুজেন। জার্মান মিডফিল্ডার সিডনি সামের ষষ্ঠ মিনিটের গোলে এগিয়েও যায় তারা।

মিনিট সাতেক পরেই পিএসজিকে সমতায় ফেরান দলের ব্রাজিলের ডিফেন্ডার মারকুইনিয়োস। একটু পর ইব্রাহিমোভিচের জোড়ালো শট ক্রসবারে লেগে ফিরে আসে।

এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল লেভারকুজেনও। তবে ২৮ মিনিটে সিমন রলফ্সের পেনাল্টি কিক ঠেকিয়ে দেন পিএসজি গোলরক্ষক সালভাতোরে সিরিগু।

৫৩ মিনিটে পিএসজির জয়সূচক গোলটি করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড এসেকিয়েল লাভেস্সি।