বার্সার হোঁচটে শীর্ষে আতলেতিকো
স্পেনের লা লিগায় শীর্ষে পালাবদল চলছেই। বার্সেলোনার হোঁচটের সুযোগে সেলতা ভিগোকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে উঠে এসেছে আতলেতিকো মাদ্রিদ। অবশ্য রোববারের ম্যাচ ড্র করলেই শীর্ষস্থান ফেরত পাবে রিয়াল মাদ্রিদ।
অঘটনের শিকার বার্সা
শনিবার রাতে ডাভিদ ভিয়ার জোড়া গোলে সেলতা ভিগোকে সহজেই হারায় আতলেতিকো। এক ম্যাচ কম খেলা রিয়াল আর আতলেতিকো –দু'দলেরই পয়েন্ট ৬৪। গোল ব্যবধানেও এগিয়ে রিয়াল। কিন্তু লা লিগায় পয়েন্ট সমান হলে দেখা হয় মুখোমুখি লড়াইয়ের ফল। সেটাতে এগিয়ে আপাতত এক দিনের জন্য হলেও শীর্ষে উঠে গেছে আতলেতিকো।
রিয়ালকে হটিয়ে শীর্ষে ওঠার সুযোগ ছিল বার্সেলোনারও। কিন্তু শনিবার আগের ম্যাচে রিয়াল ভায়াদোলিদের কাছে ১-০ গোলে হেরে গেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
দলের শীর্ষ গোলদাতা দিয়েগো কস্তার অনুপস্থিতিতে ম্যাচের প্রথম ঘণ্টা হতাশাতেই কাটে আতলেতিকোর। অবশেষে ম্যাচের ৬২তম মিনিটে গোল পান ডাভিদ ভিয়া। প্রতিপক্ষের ব্যাকপাস থেকে বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
দুই মিনিটের মধ্যেই হোসে সোসার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ভিয়া।
রোববার রাতে লেভান্তের বিপক্ষে হার এড়াতে পারলেই আতলেতিকোকে ছাড়িয়ে শীর্ষস্থানে ফিরবে রিয়াল মাদ্রিদ।
