ম্যান ইউর সহজ জয়
শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
প্রতিপক্ষের মাঠে ৩৪ মিনিটে ডিফেন্ডার ফিল জোন্সের গোলে এগিয়ে যায় ম্যান ইউ। ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সির ক্রস থেকে হেড করে লক্ষ্যভেদ করেন জোন্স।
৬৫ মিনিটে ডিফেন্ডার রাফায়েলের ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন স্ট্রাইকার ওয়েইন রুনি। আর ৮২ মিনিটে স্ট্রাইকার ড্যানি ওয়েলব্যাকের গোলে জয় নিশ্চিত হয়ে যায় ইপিএলের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নদের।
এই জয়ের ফলে ২৮ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে আপাতত ষষ্ঠ স্থানে আছে ম্যান ইউ। এক ম্যাচ কম খেলা এভারটনের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে আছে তারা।
২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি। সমান ম্যাচ খেলে লিভারপুল ও আর্সেনাল দুই দলেরই পয়েন্ট ৫৯। তবে গোল গড়ে এগিয়ে থাকায় লিভারপুলের অবস্থান দ্বিতীয়।
