জাতীয় অ্যাথলেটিক্সে জেসমিনের সাফল্য
জাতীয় অ্যাথলেটিক্সে মহিলাদের ১০০ মিটার হার্ডলসের শিরোপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর জেসমিন আক্তার।
শুক্রবার আর্মি স্টেডিয়ামে ১৬.১৫ সেকেন্ড সময় নিয়ে সবাইকে পেছনে ফেলেছেন তিনি।এই ইভেন্টে সেনাবাহিনীরই মুক্তা খাতুন (১৬.৯০ সেকেন্ড) রুপা ও বিজেএমসির পাপিয়া রানী সরকার (১৬.৯২) ব্রোঞ্জ পেয়েছেন।১০০ মিটার হার্ডলসে দীর্ঘ দিন সুমিতা রানী সরকারের প্রাধান্য ছিল। এবার সুমিতা অংশ নিচ্ছেন না। তাই জেসমিনের সোনা জিততে সমস্যা হয়নি। এই ইভেন্টে জেসমিন কখনো সুমিতাকে হারাতে পারেননি।শুক্রবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ১২টি ইভেন্টের নিষ্পত্তি হয়েছে। পুরুষদের ম্যারাথনে হানিফুর রহমান, শর্ট পুটে মামুন সিকদার ও লং জাম্পে ইসমাইল হোসেন সোনা জিতেছেন। তিনজনই সেনাবাহিনীর প্রতিযোগী।ট্রিপল জাম্পে বাংলাদেশ নৌবাহিনীর মেজবাহ আহমেদ, ১১০ মিটার হার্ডলসে বিজেএমসির আজগর হোসেন, ১০ হাজার মিটার দৌড়ে বিজেএমসিরই মনিরুল ইসলাম ও ৪০০ মিটার দৌড়ে নৌবাহিনীর রাহুল বিশ্বাস সোনা জিতেছেন।মহিলাদের তিন হাজার মিটার দৌড়ে নৌবাহিনীর মিরনা খাতুন, লং জাম্পে বিকেএসপির আইরিন আক্তার, চাকতি নিক্ষেপে একই দলের জাফরিন আক্তার ও ৪০০ মিটার দৌড়ে বিজেএমসির সোহাগী আক্তার সোনা জিতেছেন।
