২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষি মেরে দল থেকে বাদ রস্সি

প্রতিপক্ষের এক ফুটবলারকে ঘুষি মেরে ইতালি দল থেকে বাদ পড়েছেন রোমার মিডফিল্ডার দানিয়েলে দে রস্সি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 03:07 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

শনিবার ইতালির শীর্ষ লিগ সেরি আর ম্যাচে ইন্টার মিলানের ফরোয়ার্ড মাউরো ইকারদিরে চোয়ালে ঘুষি মেরেও রেফারির শাস্তি থেকে বেঁচে যান রস্সি।

কিন্তু টেলিভিশনের ক্যামেরায় ঘটনাটি ধরা পড়লে ইতালির কোচ চেজারে প্রানদেল্লি স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচের দল থেকে রস্সিকে বাদ দেন।

দলকে কড়া নিয়ম-কানুনের মধ্যে পরিচালিত করা প্রানদেল্লি এর আগে খারাপ ব্যবহারের জন্য দুই বার দে রস্সিকে বাদ দিয়েছিলেন।

এর আগে আরেক মেজাজি ফুটবলার মারিও বালোতেল্লিকেও বাদ দিয়েছিলেন কোচ। এবার অবশ্য বালোতেল্লি দলে নেই কাঁধের চোটের কারণে।

ইতালি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পারমার ডিফেন্ডার গ্যাব্রিয়েল পালেত্তা ও তোরিনোর ফরোয়ার্ড চিরো ইম্মোবিলে।

বুধবার আতলেতিকো মাদ্রিদের ভিসেন্তে কালদেরন স্টেডিয়ামে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে ইতালি। ২০১২ সালের ইউরো ফাইনালে ইতালিকে ৪-০ গোলে বিধ্বস্ত করে শিরোপা জিতেছিল স্পেন।

এর আগে ৩২ বার মুখোমুখি হয়েছে ফুটবলের এই দুই পরাশক্তি। এর মধ্যে ইতালি ১০ বার ও স্পেন ৯ বার জিতেছে।

স্পেন কোচ এ ম্যাচে আতলেতিকো মাদ্রিদ তারকা দিয়েগো কস্তাকে প্রথমবারের মতো বাজিয়ে দেখার সুযোগ পাবেন।

গোলরক্ষক: জানলুইজি বুফ্ফন (জুভেন্টাস), মাত্তিয়া পেরিন (জেনোয়া), সালভাতোরে সিরিগু (পিএসজি)

ডিফেন্ডার: ইনাৎসিও আবাতে (এসি মিলান), দাভিদে আস্তরি (কাইলিয়ারি), লিওনার্দো বনুচ্চি (জুভেন্টাস), জর্জিও কিয়েল্লিনি (জুভেন্টাস), আন্দ্রেয়া বারজাইয়ি (জুভেন্টাস), দমেনিকো ক্রিস্সিতো (জেনিত সেন্ট পিটার্সবার্গ), মাত্তিয়া দে সিলিও (এসি মিলান), ক্রিস্তিয়ান মাজজো (নাপোলি), গ্যাব্রিয়েল পালেত্তা (পারমা)

মিডফিল্ডার: আন্তোনিও কানদ্রেভা (লাৎসিও), ইমানুয়েলে জাক্কেরিনি (সান্ডারল্যান্ড), ক্লাওদিও মারকিসিও (জুভেন্টাস), রিকার্দো মন্তোলিভো (এসি মিলান), চিয়াগো মত্তা (পিএসজি), আন্দ্রেয়া পিরলো (জুভেন্টাস), মার্কো ভেররাত্তি (পিএসজি), মার্কো পারোলো (পারমা)

ফরোয়ার্ড: আলেস্সিও চেরচি (তুরিনো), মাত্তিয়া দেস্ত্রো (রোমা), আলবের্তো জিলার্দিনো (জেনোয়া), লরেন্সো ইনসিনিয়ে (নাপোলি), পাবলো  অসভালদো (জুভেন্টাস), চিরো ইম্মোবিলে (তোরিনো)।