মাঠে ফিরেই পিএসজিকে জেতালেন কাভানি
ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই গোল পেলেন এদিনসন কাভানি। রোববার ফরাসি লিগে তার দল পিএসজি ২-০ গোলে হারিয়েছে অলিম্পিক মার্শেইকে।
উরুর চোট নিয়ে প্রায় চার সপ্তাহ মাঠের বাইরে ছিলেন উরুগুয়ের স্ট্রাইকার কাভানি। রোববার অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে পিএসজি কোচ লরাঁ ব্লাঁ কাভানিকে বদলি হিসেবে মাঠে নামিয়েছিলেন ৭০ মিনিটে। ম্যাচে ৭৯ মিনিটে হেড থেকে দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। এর আগে দ্বিতীয়ার্ধের শুরুতে পিএসজিকে এগিয়ে দিয়েছিলেন ব্রাজিলের ডিফেন্ডার ম্যাক্সওয়েল।
এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানটা আরও দৃঢ় করল ফরাসি লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ২৭ ম্যাচে এখন তাদের পয়েন্ট ৬৪। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা এএস মোনাকোর পয়েন্ট ৫৬।
