২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুশীলনে না আসায় নোটিশ ৬ ফুটবলারকে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম দিনের প্রথম পর্বের অনুশীলনে যোগ না দেয়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ৬ খেলোয়াড়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ক্রীড়া প্রতিবেদক

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 08:31 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

পরে মোহামেডান খেলোয়াড়রা ক্যাম্পে যোগ দিতে চাইলেও নেয়া হয়নি তাদের।

মোহামেডানের এই ছয় খেলোয়াড় হলেন, জাহিদ হাসান এমিলি, জাহিদ হোসেন, মামুন খান, তপু বর্মণ, ইমন বাবু, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। বাফুফে তাদের চিঠি দিয়ে দশ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলেছে।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, “কারণ দর্শানোর নোটিশের জবাব পেলেই আমরা সিদ্ধন্ত নেবো, তাদের বিপক্ষে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা।”

আগামী ৫ মার্চ ভারতের বিপক্ষে গোয়ায় একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সে লক্ষ্যেই বুধবার সকালে ছিল জাতীয় দলের প্রথম অনুশীলন।

কিন্তু ক্লাব থেকে ছাড় না পাওয়ায় মোহামেডান খেলোয়াড়রা সকালের অনুশীলনে যোগ দিতে পারেননি।

কিন্তু দুপুরে মোহামেডান খেলোয়াড়রা তাত্ত্বিক ক্লাসে যোগ দিতে আসলে দলের প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ তাদেরকে ক্লাসে ঢুকতে নিষেধ করেন। তাই ক্যাম্পে যোগ না দিয়ে ঐ খেলোয়াড়রা ক্লাবে ফিরে যান।

মোহামেডান খেলোয়াড়দের আবার ক্যাম্পে ফিরিয়ে আনা হবে কিনা তা এখনও সিদ্ধান্ত হয়নি।

এ ব্যাপারে বাফুফে সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির সদস্য তাবিথ আউয়াল বলেন, “কোচকে পরিষ্কারভাবে নির্দেশনা দেয়া আছে, কোনো দলের কোনো খেলোয়াড় যদি জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে অপারগতা দেখায় তাহলে তাদের জায়গায় নতুন খেলোয়াড় নিতে পারবেন তিনি।”

মোহামেডানের পরিচালক লোকমান হোসেন ভুইয়া বলেন, “জাতীয় স্বার্থে আমরা অবশ্যই খেলোয়াড়দের ছাড়তে রাজি। কিন্তু আমাদের কোচের একটা ব্রিফিং থাকায় সকালে খেলোয়াড়রা ক্যাম্পে যোগ দিতে পারেনি। এই বিষয়ে আমরা বাফুফেকে চিঠি দিয়ে জানাবো।”

মোহামেডান খেলোয়াড়রা যোগ না দেয়ায়, প্রথম দিনে ডি ক্রুইফ মাত্র ৮জন খেলোয়াড়কে নিয়ে অনুশীলন করিয়েছেন।

আর বাকি ১৪ জনের মধ্যে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ১১ জন ও শেখ রাসেল ক্রীড়া চক্রের ২ জন খেলোয়াড় প্রিমিয়ার লিগের খেলা থাকার কারণে ক্যাম্পে যোগ দিতে পারেননি।