২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের জন্য আরো টাকা খসলো বার্সার

ব্রাজিলের সান্তোস থেকে নেইমারকে কেনা নিয়ে কর জালিয়াতির অভিযোগে স্পেন কর্তৃপক্ষকে ১ কোটি ৩৫ লাখ ইউরো দিয়েছে বার্সেলোনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 11:34 AM

Updated : 01 Sep 2026, 12:29 PM

বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর সাবেক সভাপতি সান্দ্রো রোসেলের সঙ্গে নেইমার। (ফাইল ছবি) বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর সাবেক সভাপতি সান্দ্রো রোসেলের সঙ্গে নেইমার। (ফাইল ছবি)

নেইমারের মূল্য ৮ কোটি ৬২ লাখ ইউরো

নেইমারকে নিয়ে বার্সার ‘ঝামেলা’

তবে এই আক্কেলসেলামি দেয়ার পরও লা লিগা চ্যাম্পিয়নরা দাবি করেছে, নেইমারকে বার্সেলোনায় আনা নিয়ে কোনো বেআইনি কাজ করা হয়নি।

প্রথমে বার্সেলোনা জানিয়েছিল, এ মৌসুমের শুরুতে সান্তোস থেকে নেইমারকে বার্সেলোনায় আনতে সব মিলিয়ে খরচ হয়েছে ৫ কোটি ৭১ লাখ ইউরো।

তবে কিছুদিন পরই এ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। কারণ নেইমারকে দলে নিতে ঠিক কত টাকা কাকে দেয়া হয়েছে, সে ব্যাপারে স্প্যানিশ চ্যাম্পিয়নরা কখনো পরিষ্কার করে কিছু জানায়নি।

নেইমারকে দলে টানার জন্য এর বাইরে আরো অর্থ খরচের বিষয়টি প্রকাশ পাওয়ার পর ক্লাব সভাপতি সান্দ্রো রোসেল সরে যেতে বাধ্য হন।

রোসেলের পদত্যাগের পর বার্সা কর্তৃপক্ষ জানায়, এই ফরোয়ার্ডকে দলে নিতে তাদের মোট আট কোটি ৬২ লাখ ইউরো খরচ হয়েছিল। যার একটা বড় অংশ দেয়া হয়েছিল নেইমার ও তার পরিবারকে।

নেইমারকে আনতে বার্সার কী পরিমাণ অর্থ খরচ হয়েছে এবং কর ফাঁকির অঙ্ক ঠিক কত, তা বের করার জন্য কর কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দেয় স্পেনের একটি আদালত।

এখন আরো অর্থ শোধ করতে হওয়ায় নেইমারকে কিনতে এখন পর্যন্ত প্রায় ১০ কোটি ইউরো খরচ হলো বিশ্বের অন্যতম ধনী এই ক্লাবটিকে।

এ ব্যাপারে বার্সা অবশ্য শুরু থেকে নিজেদের নির্দোষ দাবি করে আসছে। নেইমার চুক্তিবদ্ধ হওয়ার সময় খরচের বিস্তারিত না জানানোর কারণ হিসেবে চুক্তির ‘গোপনীয়তার’ শর্তের কথাও জানায় ক্লাবটির কর্তৃপক্ষ।