২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসিকে জয় উপহার দিলেন টেরি

এভারটনের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে মূল্যবান তিনটি পয়েন্ট এনে দিয়েছেন অধিনায়ক জন টেরি। শনিবার ঘরের মাঠে জোসে মরিনিয়োর দল জিতেছে ১-০ গোলে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 09:10 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

এই জয়ের ফলে ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে চেলসির শীর্ষস্থান মজবুত হলো আরো। এক ম্যাচে কম খেলা আর্সেনাল ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে এভারটনের অবস্থান ষষ্ঠ।স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমার্ধে কয়েকবার গোলের সুযোগ পেলেও এভারটনের গোলরক্ষক টিম হাওয়ার্ডকে পরাস্ত করতে পারেননি চেলসির স্ট্রাইকার স্যামুয়েল এতো। বিরতির ঠিক আগে সহজ সুযোগ পাওয়া স্ট্রাইকার কেভিন মিরালাসও অতিথিদের গোল এনে দিতে পারেননি।আক্রমণ-পাল্টা আক্রমণে দ্বিতীয়ার্ধের লড়াই জমে ওঠে। কিন্তু দু’পক্ষের আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় গোলখরা কাটছিল না। অবশেষে ইনজুরি সময়ে মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দারুণ ফ্রি-কিকে আলতো টোকা দিয়ে চেলসির জয় নিশ্চিত করেন টেরি।