বকেয়া বেতন পাচ্ছেন ডি ক্রুইফ ও কোস্টার
জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ ও তার সহকারী রেনে কোস্টারের বকেয়া বেতন শিগগিরি দিয়ে দেয়া হবে।
এ ব্যাপারে দুই ডাচকে আশ্বস্ত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।শনিবার বাফুফে ভবনে ডি ক্রুইফ ও কোস্টারের সঙ্গে বৈঠকে এই আশ্বাস দেয়ার পাশাপাশি তাদের কাজে আরো মনযোগী হওয়ারও পরামর্শ দেন বাফুফে সভাপতি।বৈঠকে উপস্থিত থাকা বাফুফে সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির কর্মকর্তা তাবিথ আউয়াল বলেন, “ডি ক্রুইফ ও কোস্টারের প্রায় তিন মাসের বেতন বকেয়া আছে। আশা করি শিগগিরি তাদের বেতন দিয়ে দেয়া হবে। এখন তারা ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ নিয়ে কাজ করবেন।”চুক্তির পূর্ণ মেয়াদ পর্যন্ত দুজনকে রাখা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তাবিথ বলেন, “তাদের সঙ্গে আমাদের এক বছরের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী জুনে। আশা করি তারা সে সময় পর্যন্ত থাকবেন।”“তবে চুক্তি নবায়ন হবে কিনা তা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। সেটা তখনই ভেবে দেখা যাবে।”বেতন বকেয়া থাকায় ছুটিতে গিয়ে ডি ক্রুইফ ও কোস্টার ৪৯ দিন স্বদেশ নেদারল্যান্ডসে ছিলেন। এরপর এক মাসের বেতন দিয়ে তাদের নিয়ে আসা হয়।
