শেখ জামালের হোঁচট
ভারতের ঐতিহ্যবাহী আইএফএ শিল্ডে রানার্স-আপ হয়ে ফেরার পর খেলতে নেমেই হোঁচট খেয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বিজেএমসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বিজেএমসি। নাইজেরীয় মিডফিল্ডার স্যামসন ইলিয়াসোর বক্সের ঠিক বাইরে থেকে নেয়া দুর্বল শট ঝাঁপিয়ে পড়া শেখ জামালের গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেলের হাতের নিচ দিয়ে চলে যায় জালে (১-০)।দশম মিনিটে মিডফিল্ডার মামুনুল ইসলামের ফ্রি-কিক থেকে হাইতির ফরোয়ার্ড ওয়েডসন অ্যানসেলমের হেড সমতায় ফেরায় শেখ জামালকে (১-১)।৩৬ মিনিটে ডিফেন্ডার রায়হান হাসানের চমৎকার থ্রো থেকে নাইজেরীয় স্ট্রাইকার এমেকা ডার্লিংটনের হেড শেখ জামালকে এগিয়ে দেয় (২-১)।৪৩ মিনিটে গিনির ফরোয়ার্ড ইসমাইল বানগুরার পাস থেকে নাইজেরীয় মিডফিল্ডার উচে ফেলিক্সের আলতো টোকায় বিজেএমসি সমতা নিয়ে আসে (২-২)।আইএফএ শিল্ডে দুর্দান্ত খেলা হাইতির ফরোয়ার্ড সনি নর্দে শনিবার ছিলেন অনুজ্জ্বল।৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শেখ জামাল। ৯ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করা বিজেএমসির অবস্থান ষষ্ঠ। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে ঢাকা আবাহনী।
